ব্যাংকক, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্দোলন থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ডের লাল শার্টরা।
থাই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা নভেম্বরে আগাম নির্বাচনসহ শান্তি প্রস্তাব দিলেও তা বিস্তারিত ও যথেষ্ট স্পষ্ট না হওয়ায় আন্দোলন থেকে সরে দাঁড়াবে না বলে তারা শুক্রবার ঘোষণা দিয়েছে।
দু' মাস ধরে চলা রক্তক্ষয়ী আন্দোলনের সমাপ্তি ঘটার যে সম্ভাবনা ছিল, এ ঘোষণার ফলে সেই শান্তি পরিকল্পনা ঝুলে গেছে।
আন্দোলনে এ পর্যন্ত ২৭ জন নিহত ও এক হাজারেরও বেশি আহত হয়েছে।
রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকার ৩ ঘন কিলোমিটারজুড়ে অস্থায়ীভাবে শিবির স্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে লাল শার্টরা।
সরকারের শান্তি প্রস্তাবে তাদের মধ্যে শিবির গোটানোর কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বরং তারা বলেছে, তাদের শক্তিশালী ঘাঁটি দেশটির উত্তর পূর্বাঞ্চল থেকে আরো জনসমাগম করা হবে।
লাল শার্টদের এক নেতা কোয়ানচাই প্রাইপান্না বলেন, "সরকার যতক্ষণ না সুস্পষ্ট প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা লোকজনকে আন্দোলন করার জন্য ধরে রাখব।"
তিনি আরও বলেন, "আমরা চাই না দীর্ঘদিন এভাবে পড়ে থাকতে। তবে এটা নির্ভর করছে আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারছি কি-না তার ওপর।"
আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী অভিজিৎ শেষ পর্যন্ত শান্তি প্রস্তাব দিতে বাধ্য হন। তিনি বলেন, ১৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হবে।
তবে তার এ প্রস্তাব বেশিরভাগ লাল শার্টকেই সন্তুষ্ট করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪০৫ঘ.
bdnews24