লন্ডন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার সারাদেশব্যাপী সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় রাত ৮ টা পর্যন্ত।
ইতোমধ্যেই প্রধান তিনটি দলের নেতা লেবার পার্টির গর্ডন ব্রাউন, কনজারভেটিভ পার্টির ডেভিড ক্যমেরন ও লিবারেল ডেমোক্রেট দলের নিক ক্লেগ নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন ।
যুক্তরাজ্যে এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৪৪ মিলিয়ন। ৬৪৯ টি আসনে এমপি নির্বাচনের জন্য তারা ভোট দেবেন।
সারাদেশব্যাপী বিভিন্ন পার্টি থেকে ৪ হাজার ১৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ নির্বাচন ছাড়াও যুক্তরাজ্যে লন্ডনের বার কাউন্সিলসহ দেশের ১৬৪ টি স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বার কাউন্সিলগুলোতে ৮ হাজার ২২২ টি কাউন্সিলার পদে ১৫ হাজার ৭৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সকাল ১১ টায় স্কটল্যান্ডের ফাইফ এলাকায় নিজ আসনে স্ত্রী সারা ব্রাউনকে নিয়ে ভোট দেন। কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় অক্সফোর্ডশায়ারের হুইটনিতে একটি কমিউনিটি সেন্টারে ও লিব ডেম লিডার ক্লেগ শেফিল্ড সিটির হালাম এলাকায় সকাল ১১ টা ২০ মিনিটে ভোট দেন।
তিন প্রধান দলের নেতা গতকাল বুধবার তাদের নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। রাত ১০ টায় ভোট ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হবে।
সর্বপ্রথম ফলাফল আশা করা যাচ্ছে রাত ১১ টার পরে। কোন আসন আগে ফলাফল ঘোষণা করবে এ নিয়ে বিভিন্ন এলাকার মধ্যে রীতিমত একটি প্রতিযোগিতা চলে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকাল ৬ টার দিকে বোঝা যাবে কোন দল নির্বাচনে বিজয়ী হয়েছে।
কোন পার্টি নতুন সরকার গঠন করছে এ নিয়ে এখন সর্বত্র চলছে জল্পনা কল্পনা। রাত ১০ টায় ভোটপ্রদানকারীদের জনমত জরিপের ফলাফল পাওয়া গেলে কিছুটা হয়তো আঁচ করা যেতে পারে।
তবে বৃহস্পতিবার টাইমস পত্রিকায় প্রকাশিত জনমত জরিপে কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন ক্ষমতায় আসবেন এমন কথাই বলা হয়েছে। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেনা এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
২ হাজার ২৫০ জন ভোটারের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ৩৭ শতাংশ কনজারভেটিভ, ২৮ শতাংশ লেবার পার্টি এবং ২৭ শতাংশ ভোটার লিবডেমকে ভোট দিবেন। এ হিসাব অনুযায়ী, ফলাফলে কনজারভেটিভ পার্টি অতিরিক্ত ৯১ টি আসন পাবে। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের আরো ২৫ টি আসনে জয়ী হতে হবে।
ওদিকে, যে পার্টিই ক্ষমতায় যাক না কেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি এবার প্রথমবারের মতো তাদের একজন কমিউিনিটিকে ব্রিটিশ পার্লামেন্টে পাচ্ছেন।
লন্ডনের বাঙালি অধ্যুষিত টাউয়ার হেমলেটসের বেথনাল গ্রীন ও বো আসনে প্রতিটি প্রধান দলই বাঙালি প্রার্থী মনোনয়ন দিয়েছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, লেবার দলীয় প্রার্থী রুশনারা আলীই হতে পারেন হাইজ অব কমন্সে প্রথম বাঙালি এমপি। অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কনজারভেটিভ দলের জাকির খান, রেসপেক্টের আবজল মিয়া, লিব ডেমের আজমল মশরুর ও গ্রীন পার্টির ফরিদ বক্ত।
স্থানীয় সময় রাত ১০ টায় ভোট গণনা শুরু হবে। স্থানীয় সময় রাত সাড়ে ৩ টা নাগাদ জানা যাবে কে হলেন ব্রিটেনের প্রথম বাঙালি এমপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24