লন্ডন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে ভোট দিচ্ছে লাখ লাখ মানুষ।
০৬০০ জিএমটি তে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে ২১০০ জিএমটি পর্যন্ত।
বিবিসি জানিয়েছে, ৬৪৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশজুড়ে নির্বাচনী প্রার্থী ৪, ১৫০ জন। এমপি নির্বাচনের পাশাপাশি ভোটাররা ইংল্যান্ড জুড়ে ১৬৪ টি স্থানীয় কর্তৃপক্ষের কাউন্সিলরও নির্বাচন করবে।
১৯৯২ সালের পর ব্রিটেনের ইতিহাসে এ নির্বাচনই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনের ফল ব্রিটেনের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাতে পারে।
৬৫০ আসনের এই পার্লামেন্ট নির্বাচনের ফলে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। যেখানে কোনো দলেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবেনা।
১৯৭৪ সালের পর ব্রিটেনে কখোনো এমন নির্বাচনী ফলের পূর্বাভাস পাওয়া যায়নি এবং দেশটিতে জোট সরকার গঠনেরও প্রচলন নেই।
ছয়টি সংবাদপত্র পরিচালিত সর্বশেষ মতামত জরিপে কনজারভেটিভ পার্টি লেবার পার্টির চেয়ে ছয় থেকে নয় শতাংশ এগিয়ে আছে। তবে কনজারভেটিভ পার্টির জনসমর্থন বেশি হলেও নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করা হচ্ছে।
মধ্য ডানপন্থি কনজারভেটিভ দলের সাবেক জনসংযোগ কর্মকর্তা ডেভিড ক্যামেরুন এর দলের জনপ্রিয়তা গত এক বছরে ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রায় ১৩ বছরের লেবার দলের শাসনের পর এবার ব্রিটেন ডেভিড ক্যামেরুনের পরিবর্তনের ডাকে সাড়া দেবে।
নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কিভাবে ব্রিটেনের অর্থনীতিকে মন্দার হাত থেকে উদ্ধার করা যাবে। আর নির্বাচিত নতুন সরকার কিভাবে বাজেট ঘাটতি কমাতে পারবে।
লিবারেল ডেমোক্র্যাটিক দলের নেতা নিক ক্লেগের উত্থান ঘটায় নির্বাচন সমীকরণ আরও জটিল আকার ধারণ করেছে। টিভি বিতর্কেও ভাল অবস্থানে উঠে এসেছেন নিক ক্লেগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24