মিনক্স, মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে গত মাসের সহিংস অভ্যুত্থানের পর পলাতক প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভকে দেশে ফিরিয়ে দেবে না বলে জানিয়েছে বেলারুশ।
মঙ্গলবার কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন সরকার এক টেলিভিশন সাক্ষাৎকারে বাকিয়েভকে হস্তান্তরের পদক্ষেপ নিতে কৌঁসুলিদের আদেশ দেওয়ার কথা জানায়।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাসেঙ্কো বলেন, এ ধরনের অনুরোধ কাজে আসবে না।
তিনি বলেন, আমার কাছে হস্তান্তরের অনুরোধ সম্বলিত আনুষ্ঠানিক কোনো আবেদন আসেনি। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, এ ধরনের অনুরোধ অন্তবর্তী সরকারের জন্য হতাশাব্যঞ্জক এবং বিব্রতকর হবে।
তিনি আরো বলেন, কিরগিজস্তানের প্রেসিডেন্ট বর্তমানে বেলারুশ এবং এর প্রেসিডেন্টের হেফাজতে রয়েছেন।
গত ৭ ও ৮ এপ্রিল কিরগিজস্তানে ব্যাপক গোলযোগের সময় বাকিয়েভ সেখান থেকে পালিয়ে বেলারুশে আশ্রয় নেন। এই গোলযোগে ৮৫ জন নিহত হয়।
বাকিয়েভের প্রতিপক্ষদের নিয়ে গঠিত কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে হত্যাযজ্ঞের অভিযোগ আনে। বাকিয়েভ বিরোধী এক মিছিলে নিরাপত্তা বাহিনীর হামলায় কয়েকজন অস্ত্রধারীর মৃত্যু হলে এই অভিযোগ আনা হয়।
ওই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য বাকিয়েভের প্রতিপক্ষদের দায়ী করেন বেলারুশীয় প্রেসিডেন্ট লুকাসেঙ্কো। তিনি সে দেশের নিরাপত্তা বাহিনীর ভূমিকার পক্ষ নেন এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ায় রাশিয়া ও পাশ্চাত্যের দেশগুলোর সমালোচনা করেন।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ মধ্য এশিয়ায় অবস্থিত দেশ কিরগিজস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে।
লুকাসেঙ্কো বলেন, রাশিয়া ও পাশ্চাত্যের দেশগুলো রক্তপাতের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা অবৈধ একটি সরকারকে সমর্থন দিয়ে ভয়ঙ্কর নজির সৃষ্টি করেছে।
রোববার পুরো দিনটিই বাকিয়েভের সঙ্গে কাটিয়েছেন জানিয়ে লুকাসেঙ্কো বলেন, বাকিয়েভকে আশ্রয় দিয়ে কিরগিজস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করছেন তিনি। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাজার খানেক সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাকিয়েভকে আশ্রয় দিয়ে আরো একটি সমস্যা থেকে বাঁচানোর জন্য আমাকে তাদের ধন্যবাদ জানানো উচিৎ। সেখানকার পরিস্থিতির খুব সামান্যই তাদের নিয়ন্ত্রণে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24