২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা আলোচনায় 'আশাবাদী' রাশিয়া

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ৪র্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনার ব্যাপারে তিনি 'আশাবাদী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 09:11 PM

জাতিসংঘ, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ৪র্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনার ব্যাপারে তিনি 'আশাবাদী'। ইরানের পারমাণবিক ইস্যু সম্পর্কে রিয়াবকভ মঙ্গলবার বলেন, "আলোচনা ধীরে ধীরে এগুচ্ছে। নিঃসন্দেহে এখনও কিছু মতপার্থক্য রয়েছে। তবে আমি এ পার্থক্য বাড়াব না কিংবা অতিরঞ্জিতও করব না।" "যুক্তিসঙ্গতভাবেই আমি আশাবাদী", বলেন তিনি। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য একটি খসড়া নিষেধাজ্ঞা চুক্তি করতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও চীনের জাতিসংঘ প্রতিনিধিরা গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই আলোচনায় বসছে। যুক্তরাষ্ট্র খসড়া যে প্রস্তাব করেছে তার কিছু অংশ বাদ দেওয়ার জন্য রাশিয়া ও চীন বাকি চারটি পশ্চিমা দেশকে চাপ দিয়ে আসছে। ইরানের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের জোরালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। রাশিয়ার অবস্থান আবারো তুলে ধরে দেশটির উপ পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইরানকে শাস্তি দেওয়া জাতিসংঘের এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হওয়া উচিত নয়। অন্যান্য দেশের প্রতিনিধিরা বলেন, এর অর্থ হলো, রাশিয়া চায় জাতিসংঘের নতুন কোনো নিষেধাজ্ঞা কেবল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরই আরোপিত হোক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এপ্রিল মাসের শেষ নাগাদ একটি নিষেধাজ্ঞা প্রস্তাব করতে চাইলেও কূটনীতিকরা জানান, এ আলোচনা আগামী জুন মাস পর্যন্ত চলতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সন্দেহ করছে যে, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের পুরো কর্মসূচিই শান্তিপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এল