নিউ ইয়র্ক, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সবচেয়ে দামি শিল্পকর্ম হিসাবে নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর 'ন্যুড, গ্রিন লিফস অ্যান্ড বাস্ট' নামের চিত্রকর্মটি।
নিউ ইয়র্কের ক্রিস্টি হাউসের ডাকা এক নিলাম থেকে মঙ্গলবার ছবিটি ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়।
১৯৩২ সালে আঁকা চিত্রকর্মটি কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি টেলিফোনের মাধ্যমে এ বিশাল অঙ্কের দর হাঁকেন।
পঞ্চাশের দশক থেকেই চিত্রকর্মটি শোভা পাচ্ছিল বিশ্বখ্যাত শিল্পকর্ম সংগ্রাহক লস এঞ্জেলেসের প্রয়াত ফ্রান্সেস অ্যান্ড সিডনি ব্রডির সংগ্রহশালায়। পঞ্চাশ বছর ধরে এই শিল্পকর্মটি তাই লোকচক্ষুর অন্তরালেই ছিল।
পিকাসোর রক্ষিতা ম্যারি থেরেসা ওয়াল্টার, যিনি প্রায়ই পিকাসোর সাবজেক্ট হতেন, তাকে নিয়েই প্রতীতিবাদী ও আধুনিক ঘরানার এ চিত্রকর্মটি আঁকা হয়।
এর আগে দামি চিত্রকর্মের রেকর্ডটি ছিল পিকাসোরই আরেক চিত্রকর্ম 'গার্সন আ লা পাইপ'র দখলে। ছবিটি ২০০৪ সালে ১০ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়।
সব মিলিয়ে এদিন নিলামে ক্রিস্টি হাউস মোট ৩৩ কোটি ৫৫ লাখ ডলারের শিল্পকর্ম বিক্রি করে ।
নিলাম ডাককারী ক্রিসটোফার বার্জ জানান, কমিশনসহ পিকাসোর ওই চিত্রকর্মটির চূড়ান্ত মূল্য ১০ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৫০০ ডলার পেয়ে আমরা অভিভূত।
তিনি জানান, নিলামে তোলা ৬৯ টি শিল্পকর্মেও অভাবিত সাড়া মিলেছে। আশি ভাগের বেশি শিল্পকর্মের ক্রেতা মিলেছে।
কোনো ধরনের ঝামেলা ছাড়াই নিলাম অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি বিক্রি হয় পিকাসো ও ভাস্কর জিয়াকমেত্তিস'র শিল্পকর্ম। তবে অবিক্রিত থেকে গেছে এডভার্ড মুঞ্চের 'ফার্টিলিটি' চিত্রকর্র্মটি। এটির প্রাথমিক নিলাম ডাক ৩ কোটি ডলার ধরা হলেও কেউই ২ কোটি ৩০ লাখ ডলারের বেশি দাম হাঁকেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩৫১ঘ.
bdnews24