২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাসাবের মৃত্যুদণ্ড চান কৌঁসুলিরা

২০০৮ সালে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবের মৃত্যুদণ্ড চেয়েছেন সরকারি কৌঁসুলিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 02:09 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

মুম্বাই, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোরি ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবের মৃত্যুদণ্ড চেয়েছেন সরকারি কৌঁসুলিরা। মুম্বাই হামলায় জড়িত থাকাসহ মোট ৮৬ টি অভিযোগে পাকিস্তানি জঙ্গি কাসাবকে সোমবার দোষী সাব্যস্ত করেছে ভারতের আদালত। এ রায় পাকিস্তানের জন্য 'সন্ত্রাস পাচার' বন্ধ করার বার্তা বলে অভিহিত করেছে ভারত। কৌঁসুলিরা বলছেন, এ অপরাধে কাসাবের ফাঁসি হওয়া উচিত। প্রধান কৌসুলি উজ্জ্বল নিকাম মঙ্গলবার বলেছেন, "কাসাবের মৃত্যুদণ্ড না হলে এটি হবে বিচার নামের প্রহসন।" বিবিসি একথা জানিয়েছে। মুম্বাই আদালত বৃহস্পতিবার কাসাবের চূড়ান্ত রায় ঘোষণা করবে। ২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে হামলার অভিযোগে একমাত্র মোহাম্মদ আজমল কাসাবকেই জীবিত অবস্থায় পাওয়া যায়। এ হামলায় ১৬৬ জন নিহত হয়। দুটি হোটেল, মূল ট্রেন স্টেশন এবং একটি ইহুদি কেন্দ্রে হামলা চালানো হয়েছিল। বিচারক এম.এল. তাহিলিয়ানির সামনে সরকারি কৌসুলি উজ্জ্বল নিকাম আদালতে বলেন, "হত্যার কারণটি ছিল জঘণ্য। সে সাধারণ অপরাধী নয়। তাকে বাঁচার অধিকার দিলে সে সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।" কাসাব (২২) মাথা নিচু করে পাশেই বসা ছিলেন। তার আইনজীবী কে.পি. পাওয়ার মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব রাখেন। তিনি যুক্তি দেখান, কাসাব বয়সে তরুণ এবং ভয়াবহ মানসিক চাপে আছে। ভারতীয় আইনে অত্যন্ত বিরল অপরাধের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে উচ্চ আদালতের অনুমতি লাগে। প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আগে কাসাব উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এটি কয়েক বছরের একটি প্রক্রিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০২ ঘ.