২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বড় অভিযান চালাতে প্রস্তুত নয় আফগান সেনাবাহিনী'

আফগান সেনাবাহিনী দায়িত্ব নিতে সক্ষম না হওয়ায় গত সপ্তাহেও ন্যাটো কমান্ডাররা কান্দাহারে শ'শ' আফগান ও মার্কিন সেনার যৌথ হেলিকপ্টার হামলা পরিকল্পনা বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 09:09 PM

কান্দাহার, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সেনাবাহিনী দায়িত্ব নিতে সক্ষম না হওয়ায় গত সপ্তাহেও ন্যাটো কমান্ডাররা কান্দাহারে শ'শ' আফগান ও মার্কিন সেনার যৌথ হেলিকপ্টার হামলা পরিকল্পনা বাতিল করেছে। পরিকল্পনার সঙ্গে জড়িত এক মার্কিন কর্মকর্তা একথা জানান। নয় বছর ধরে চলমান আফগান যুদ্ধে ন্যাটো বাহিনী আগামী জুনে তালেবানদের আস্তানা কান্দাহারে সবচেয়ে বড় অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। কিন্তু ওই অভিযানের সহায়ক হেলিকপ্টার হামলা পরিকল্পনা বাতিল হওয়ায় অনেকটাই হতাশ মার্কিন পদাতিক সেনা কর্মকর্তারা। পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত এক মার্কিন কর্মকর্তা বলেন, "আফগান সেনারা যথেষ্ট সক্ষম না হওয়াতেই অনুমোদন বাতিল করা হয়েছে। আভাস দেওয়া হয়েছে যে, আফগান সেনারাই অভিযানের নেতৃত্বে থাকবে। শেষ কথা হচ্ছে, তারা নেতৃত্ব দিতে পারবে এ রকম অবস্থার ধারে কাছেও আমরা পৌঁছতে পারিনি।" কান্দাহারের গ্রামাঞ্চলে মার্চ মাস থেকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা বার বার পিছিয়ে যাচ্ছে। কান্দাহারে ন্যাটো বাহিনীর বড় অভিযানটি আগামী জুনে শুরু হবে। হঠাৎ করে হেলিকপ্টার হামলা অভিযান বাতিলের মাধ্যমে আফগান নিরাপত্তা বাহিনীর সীমাবদ্ধতা ফুটে উঠেছে। সেইসঙ্গে চলতি বছরের মধ্যে আফগানিস্তানের নিরাপত্তা আফগান বাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টিকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দক্ষিণাঞ্চলীয় এক জ্যৈষ্ঠ ন্যাটো কর্মকর্তাই এ অনুমোদন বাতিল করেন। তিনি বলেন, ওই কমান্ডার, যিনি একজন জেনারেল, সংক্ষেপে পরিকল্পনা বুঝানোর সময় উঠে দাঁড়ান এবং আফগান সেনাদের হাতে অভিযানের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে তিনি মার্কিন সেনাদের ফিরে যেতে বলেন। মার্কিন স্ট্রাইকার ব্রিগেড ও স্থানীয় আফগান সেনাদের একযোগে পশ্চিম কান্দাহারের তালেবান অধ্যুষিত অঞ্চলে হেলিকপ্টার হামলা চালানোর কথা ছিল। যাতে তারা গ্রীষ্মে অভিযান শুরুর আগেই নতুন সেনাদের নিরাপদে ওই অঞ্চলে ঢোকার রাস্তা তৈরি করতে পারে। আফগান সেনাদের অংশগ্রহণ অপর্যাপ্ত হওয়ায় গত বৃহস্পতিবার এ অভিযান বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৩ ঘ.