নিউইয়র্ক, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনায় দ্রুত সমঝোতা চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ওবামা ও নেতানিয়াহুর মধ্যে সোমবার এ বিষয়ে পূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস।
প্রতিদিনের সংবাদ ব্রিফিং-এ তিনি আরো জানান, ওবামা টেলিফোনে প্রায় ২০ মিনিট ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইসলায়েল-ফিলিস্তিন আলোচনা শুরুর জন্য মধ্যস্ততাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জর্জ মিচেল ইসরায়েল পৌঁছানোর পরিপ্রেক্ষিতে এই টেলিফোন আলাপ হয়।
গিবস জানান, "মধ্যপ্রাচ্যে কীভাবে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা যায়, কীভাবে দ্রুত সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায় এ ব্যাপারেই উভয় নেতা কথা বলেছেন।"
তিনি আরো জানান, আঞ্চলিক সমস্যা মোকাবিলা নিয়ে দুজনে কথা বলেন। ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার আরব রাষ্ট্রগুলো চারমাসের মধ্যে শান্তি আলোচনায় সমঝোতার আহ্বান জানালে ওবামার শান্তি উদ্যোগ প্রক্রিয়া বেগবান হয়। এ আলোচনা মার্চে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসলায়েল জেরুজালেমের কাছে দখলে রাখা ভূমিতে বসতি স্থাপনের ঘোষণা দিলে আলোচনা পিছিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৬ঘ.
bdnews24