বিশকেক, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের ছেলে ও তিন ভাইকে ধরিয়ে দিতে সোমবার এক লাখ ডলার পর্যন্ত পুরষ্কার ঘোষণা করেছে অন্তবর্তী সরকার।
বাকিয়েভের অনুপস্থিতিতে অন্তবর্তী সরকারের নেতারা গত সপ্তাহে তার বিরুদ্ধে হত্যাযজ্ঞের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। বাকিয়েভকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানোর আবেদনপত্রও প্রস্তুত করেছে সরকার।
এপ্রিলের এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভকে বেলারুস আশ্রয় দেয়। এ বিদ্রোহে ৮৫ জন মানুষ নিহত হয়।
কিরগিজ সরকার এক বিবৃতিতে জানায়, মারাত্মক অপরাধের দায়ে ৩৩ বছর বয়সী বাকিয়েভের ছোট ছেলে মাকসিম, তার তিন ভাই ও তার সরকারের সাবেক দুই প্রধানমন্ত্রী দানিয়ের উসেনোভ ও ইগোর সুদিনোভকে খোঁজা হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, "ঐ ব্যক্তিদের হদিস খুঁজে পেতে এবং ধরিয়ে দিতে সহায়তার জন্য বিশ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কার ঘোষণা করা হয়েছে।"
মাকসিম বাকিয়েভ তার বাবার আমলে একটি উন্নয়ন সংস্থা পরিচালনা করতেন এবং তালিকাভুক্ত বাকিয়েভের এক ভাই ঝানিস বাকিয়েভ প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24