২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুইজিয়ানা পরিদর্শনে ওবামা, জনজীবন হুমকির মুখে

মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে নিঃসৃত তেল রোববার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের কাছাকাছি চলে যাওয়ায় জনজীবন হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে লুইজিয়ানা পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

লুইজিয়ানা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে নিঃসৃত তেল রোববার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের কাছাকাছি চলে যাওয়ায় জনজীবন হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে লুইজিয়ানা পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোবারই উপকূলে তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছেন, তেল নিঃসরণ ইতোমধ্যেই মানুষের জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ব্রিটিশ পেট্রোলিয়াম এবং উপকূলীয় গার্ডরা নিঃসৃত তেল থেকে উপকূলকে রক্ষা করার কোনো পরিকল্পনা এখনো জানায়নি বলে জানান জিন্দাল। রোববার সকালেই লুইজিয়ানা পৌঁছানোর কথা ওবামার। সেখানে জিন্দালের সঙ্গে এ বিপর্যয় সামাল দেওয়া নিয়ে আলোচনায় বসবেন তিনি। ঝড়ো আবহাওয়ায় সকাল থেকেই নিঃসৃত তেল পরিষ্কার করা ব্যাহত হচ্ছে। তেল পরিষ্কারের দায়িত্বে থাকা মার্কিন অ্যাডমিরাল জানান, তেল অবধারিতভাবেই সমুদ্র তটে ছড়িয়ে যাবে। ঘূর্ণিঝড় ক্যাটরিনার দুঃসহ স্মৃতি ভুলতে না ভুলতেই তেল নিঃসরণের এ ঘটনা লুইজিয়ানাবাসীকে আরো দুর্ভোগের মুখে ফেলেছে। আর কয়েক মাস পরেই ক্যাটরিনার আঘাত হানার পাঁচ বছর পূর্তি হতে যাচ্ছে। ২০০৫ সালের ওই ঘূর্ণিঝড়ের দুঃখ ভুলে কেবলই নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছিল লুইজিয়ানার উপকূল বাসী ও জেলেরা। কিন্তু নতুন এ সম্ভাব্য দুর্যোগে তারা আবারও হতাশ। ১৩৪ বছরের পুরনো নিউ অরলিন্সের ঝিনুক প্রক্রিয়াজাত কোম্পানি পিঅ্যান্ডজে ওইস্টারের মালিক আল সানসেরি বলেন, "সম্ভবত আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ।" যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ ঝিনুক সরবরাহ করে লুইজিয়ানা উপকূলবাসী। শুধু তাই নয়, লুইজিয়ানা উপকূল চিংড়ি ও কাঁকড়াসহ প্রধান মৎস্য আহরণ ক্ষেত্রও। এছাড়া, লুইজিয়ানা উপকূলে প্রচুর অতিথি পাখিরও দেখা মেলে। কিন্তু নিঃসৃত তেল পরিস্কার করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। উপকূল রক্ষায় কয়েকমাইল জুড়ে বুম দিয়ে যে ঘেরাটোপ দিয়ে রাখা হয়েছে সাগরের ঢেউ তা ছাপিয়ে তেল ভাসিয়ে নিয়ে এলে ওই তেল পরিস্কার করতে কয়েক দশক লেগে যেতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯১৮ ঘ.