ওয়াশিংটন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করলে যুক্তরাষ্ট্রে উষ্ণ অভ্যর্থনা পাবেন না ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি জানান।
আগামী সোমবার থেকে জাতিসংঘে পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি পর্যালোচনা শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ভিসার জন্য আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে হিলারি জানান, পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রগুলো চুক্তির মূল ভিত্তিগুলো পুনর্মূল্যায়ন করবে। ভিত্তিগুলো হচ্ছে নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্রবিস্তার রোধ এবং বেসামরিক পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহার।
তিনি আরো বলেন, "নিউ ইয়র্কের পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির মূল্যায়ন সম্মেলনে আমরা যারা অংশ নেব তাদের উদ্দেশ্য হচ্ছে এই চুক্তির পুনর্মূল্যায়ন করা এবং সংশোধন করা। যদি মাহমুদ আহমাদিনেজাদের উদ্দেশ্য তা না হয় তবে এই সম্মেলনে তার অংশগ্রহণ হবে অর্থহীন।
"আমি জানিনা কেন মাহমুদ আহমাদিনেজাদ এই সম্মেলনে অংশগ্রহণ করতে চান। কারণ ইরানের এনটিপি চুক্তি ভঙ্গ করার বিষয়টি তর্কাতীত"
bdnews24