লস এঞ্জেলেস, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'প্রিটি ওম্যান' খ্যাত তারকা অভিনেত্রী জুলিয়া রবার্টস সবচেয়ে সুন্দর।
পিপল ম্যাগাজিনের 'বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ'-এর তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছেন জুলিয়া।
৪২ বছর বয়সী জুলিয়া এক্ষেত্রে পেছনে ফেলেন হ্যালি বেরি, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার লোপেজের মতো ডাকসাইটে সুন্দরীদের।
২০ বছর আগে গ্যারি মার্শাল পরিচালিত 'প্রিটি ওম্যান' ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে অগণিত দর্শকের হৃদয় জয় করেন জুলিয়া। তিনি বর্তমানে তিন সন্তানের মা। তার ৫ বছর বয়সী জমজ ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
মার্শালের মতে, জুলিয়া চির সুন্দর। পিপল মাগাজিনকে তিনি বলেন, "জুলিয়া আগের চেয়ে অনেক বেশি ধিরস্থির ও শান্ত। সে এখন পুরোপুরিভাবে একজন মা এবং ভীষণ সেবাপরায়ণ।"
'ইরিন ব্রকোভিচ' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ২০০১ সালে অস্কার পুরস্কার পান জুলিয়া। আগামী আগস্টে তাকে আবার দেখা যাবে 'ইট, প্রে, লাভ' ছবিতে। এলিজাবেথ গিলবার্টের লেখা একই নামের বইয়ের কাহিনী অবলম্বনে এ ছবি তৈরি হচ্ছে।
জনপ্রিয় পিপল ম্যাগাজিনের সুন্দরের তালিকায় নবাগত হিসেবে জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী অ্যাশলি গ্রিন। 'টুলাইট' নামের একটি সুপার হিট ছবিতে ভ্যাম্পায়ারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
টুলাইটে অ্যাশলির সহ-অভিনেতা হার্টথ্রব রবার্ট প্যাটিনসনও জায়গা করে নিয়েছেন পুরুষ বিভাগের তালিকায়। এ তালিকায় আরও আছেন কানাডার তরুণ সঙ্গীতশিল্পী জাস্টিন বিয়েবের এবং ২০০৯ সালের 'আমেরিকান আইডল'র রানার আপ অ্যাডাম ল্যাম্বার্ট।
এদিকে, অভিনেত্রী জেসিকা বিল, জেসিকা অ্যালবা ও সঙ্গীতশিল্পী জেসিকা সিম্পসন নতুন করা তালিকা "বিউটিফুল জেসিকাস"- এ এক যোগে স্থান করে নিয়েছেন।
পিপল ম্যাগাজিনের এ বিশেষ সংখ্যার প্রচ্ছদে জুলিয়া রবার্টস স্থান পেয়েছেন। এতে আরও জায়গা পেয়েছেন জেনিফার অ্যানিসটন, রায়হানা, টেলর সুইফ্ট, বিওন্স, ব্র্যাডলি কুপার, জনি ডেপ ও প্যাট্রিক ডেম্পসি।
গত বছরের সবচেয়ে সুন্দরের তালিকায় শীর্ষে ছিলেন অভিনেত্রী ক্রিস্টিনা অ্যাপলগেট। যিনি স্তন ক্যান্সারে ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩২৭ ঘ.
bdnews24