২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ, ১ সেনা নিহত

ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের তুমুল সংঘর্ষে বুধবার ১ সেনা নিহত এবং অন্ততপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

ব্যাংকক, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের তুমুল সংঘর্ষে বুধবার ১ সেনা নিহত এবং অন্ততপক্ষে ১৮ জন আহত হয়েছে। বিক্ষোভকারীরা ব্যাংককের বাইরে সমাবেশ করার জন্য রওনা দেওয়ার সময় সেনাবাহিনীর বাধার মুখে পড়লে সংঘর্ষ শুরু হয়। সেনারা প্রথমে ফাঁকা গুলি ছুড়লেও পরে গুলিতে ১৮ জন আহত হয়। বিক্ষোভকারীরা বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সকাল থেকেই সেনাদের বাধা অতিক্রম করার অটল অবস্থান নেয়। সেনারা গুলি ছুড়লে তারাও পাল্টা হামলা চালায়। তারা পুলিশ ও সেনাদের দিকে পাথর ছুড়ে মারে। উত্তেজনাকর এ সংঘর্ষের সময় এক সেনা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাল শার্টরা বলেছে, ওই সেনা স্বপক্ষের গুলিতেই নিহত হয়েছে। আহতদেরকে ব্যাংককের উত্তরে ডং মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। বুধবার বিক্ষোভকারীরা বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি পায়। জরুরী অবস্থার মধ্যে প্রায় ২ হাজার বিক্ষোভকারী পিক-আপ ট্রাক এবং মোটর সাইকেলে করে রাজধানীর উত্তর দিকে রওনা দিলে সেনারা তাদের বাধা দেয়। থাইল্যান্ডের গণমাধ্যম বলেছে, সংঘর্ষের সময় রাবার বুলেট ছোড়া হয়েছে। কিন্তু লাল শার্ট নেতারা বলছে, বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। থাইল্যান্ডের একটি বাণিজ্যিক এলাকায় সমাবেশস্থল থেকে বিক্ষোভকারীদের নেতা নাত্তাওয়াত সাইকুয়ার বলেছেন, "মনে হচ্ছিল যুদ্ধ চলছে। তারা নিরস্ত্র মানুষের সঙ্গে লড়াই করছিল।" তিনি আরো বলেন, "সরকারই আমাদের সেদিকে যেতে প্ররোচিত করেছে। যাতে তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারে।" তিনি সকালে সতর্ক করে দিয়ে বলেন, লাল শার্টরা মৃত্যুর জন্যও প্রস্তুত আছে। সেনারা তাজা গোলাবারুদ ব্যবহার করেছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে যে কোনো সংঘর্ষে সেনারা বুলেট ব্যবহারের হুমকি দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ ঘ.