২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের অবৈধ বন্দিশিবিরে অকথ্য নির্যাতনের অভিযোগ

ইরাকের অবৈধ একটি বন্দিশিবিরে বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হত বলে বুধবার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একইসঙ্গে এ নির্যাতনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

বাগদাদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের অবৈধ একটি বন্দিশিবিরে বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হত বলে বুধবার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একইসঙ্গে এ নির্যাতনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছে তারা। বন্দি শিবিরটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক শাখার অধীনে পরিচালিত হচ্ছিল। চলতি মাসে ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় এ অবৈধ বন্দি শিবিরের সন্ধান পেলে তা বন্ধ করে দেওয়া হয়। শিবিরটিতে সংঘটিত নির্যাতনের পূর্ণাঙ্গ তদন্তসহ দোষীদের বিচারের দাবি করেছে এইচআরডব্লিউ। দেশটির শিয়া প্রধানমন্ত্রী নূর ই আল মালিকি অবশ্য এ কারাগারের সঙ্গে কোনও ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। মূলত এ কারাগারে রাখা হত মসুলের সুন্নি বন্দিদের। যেখানে আল কায়েদা জঙ্গিরা সক্রিয় আছে। কারাগারের বিষয়টি এমন সময়ে প্রচার মাধ্যমে এল যখন মালিকি এমনিতেই রাজনৈতিকভাবে কোণঠাসা। গত মার্চের অমীমাংসিত নির্বাচনী ফলাফলে মালিকি পুনরায় প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেতে বিভিন্ন জোটের সঙ্গে নানা দরকষাকষিতে ব্যস্ত রয়েছেন। মানবাধিকার সংস্থাটি তিন শ' বন্দির মধ্যে ৪২ জনের সাক্ষাৎকার নেয়। মসুল থেকে গ্রেপ্তারের পর এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে রাজধানী বাগদাদের ওল্ড মুথান্না বিমান ঘাঁটির সামরিক বন্দিশিবিরে নিয়ে আসা হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, "বন্দিদের কাহিনীগুলো বিশ্বাসযোগ্য। তিন শ' বন্দির চোখে মুখেই ছিল তাজা ভয় এবং ক্ষত চিহ্ন। তারা বলেছে, তাদের উপর নিয়মিতই নির্যাতন চলতো।" বন্দিরা জানায়, তাদের অনেকের হাতেই হাতকড়া পরানো ছিল। কারো কারো চোখ বাঁধা ছিল। কারো পা বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা হতো। এ সময় জিজ্ঞাসাবাদকারীরা কিল, চড়, লাথি, ঘুষি মারতো। বন্দিরা যাতে শ্বাস প্রশ্বাস না নিতে পারে, এজন্য তারা অনেক সময় নোংরা প্লাস্টিকের ব্যাগ দিয়ে শক্ত করে তাদের মাথা ঢেকে দিতো। নিঃশ্বাস নিতে না পেরে বন্দিরা যখন অজ্ঞান হয়ে যেতো, তখন তাদের গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দিয়ে জাগিয়ে তোলা হতো। লন্ডনে বসবাসকারী ইরাকি সেনাবাহিনীর সাবেক জেনারেল তার ছেলের গ্রেপ্তার হওয়ার খবর শুনে মসুলে ফিরলে তিনিও বন্দি হন। তিনি জানান, কারারক্ষক তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি তাকে বেদম প্রহার করে। হুইল চেয়ারে বসা ওই জেনারেল হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, "তারা আমার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়ার পাশাপাশি আমার পায়ুপথে লাঠিও ঢুকিয়ে দেয়। তারা না পড়েই আমাকে একটি স্বীকারোক্তিতে সই করতে বাধ্য করে।" ২১ বছর বয়সী আরেক বন্দি জানান, জিজ্ঞাসাবাদকারীরা তাকে হুমকি দেয় স্বীকারোক্তি না দিলে তার মা ও বোনকে ধর্ষণ করা হবে। একবার নির্যাতনের সময় রক্ষীরা আরেক বন্দিকে দিয়ে তাকে ধর্ষণ (পায়ুপথে) করায়। অন্য আরেক বন্দি জানায়, তার পায়ুপথে পিস্তলের নল ঢুকানো হতো। মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তিনজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দি শিবিরটি অবৈধ ছিল। কারণ এতে বিচার মন্ত্রণালয়ের কোনও অনুমোদন ছিল না এবং মানবাধিকার মন্ত্রণালয়ও এ ব্যাপারে কিছু জানতো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪০ ঘ.