২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের কান্দাহারে জাতিসংঘ মিশন বন্ধ

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহার থেকে বিদেশি কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়াসহ মিশন বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 11:32 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

কান্দাহার, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহার থেকে বিদেশি কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়াসহ মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন তালেবান জঙ্গিবিরোধী বড় ধরনের অভিযানের আগে নিরাপত্তার কারণে এ মিশন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র সুসান ম্যানুয়েল। তিনি জানান, নিরাপত্তা দিতে কান্দাহার অফিস থেকে বেশ কয়েকজন বিদেশি কর্মীকে কাবুলে সরিয়ে নেওয়া হয়েছে। সেইসঙ্গে সংস্থাটির দেশীয় আফগান কর্মীদের অফিসে না এসে বাড়িতে থাকতে বলা হয়েছে। ঠিক কতজন বিদেশি কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে বা কতজনকে বাড়িতে থাকতে বলা হয়েছে কিংবা এ সিদ্ধান্তের পেছনে কোনও হুমকি ছিল কি-না, সে ব্যাপারে জানাতে পারেননি তিনি। সুসান বলেন, "নিরাপত্তা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গতকাল তাদের সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছিল। আশা করছি তারা আবারও সেখানে ফিরে যেতে পারবে এবং যে দায়িত্ব পালন করছিল তা চালিয়ে যেতে পারবে। এটি সাময়িক পদক্ষেপ মাত্র।" নয় বছর ধরে চলমান এ যুদ্ধে ন্যাটো বাহিনী শিগগিরই তালেবানদের উৎসস্থলখ্যাত কান্দাহারে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে। জুনে এ অভিযান শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। অভিযানে প্রায় ৮ হাজারের মতো মার্কিন ও কানাডীয় সেনা কান্দাহারের গ্রামাঞ্চলের নিরাপত্তা রক্ষায় যুদ্ধ শুরু করবে। পক্ষান্তরে নতুন আসা সাড়ে তিন হাজার মার্কিন সেনা ৬ হাজার ৭ শ' আফগান পুলিশের সঙ্গে শহর এলাকা সামলাবে। পুরো অভিযানে ন্যাটোর ২৩ হাজার পদাতিক সেনা ও আফগান পুলিশ অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩১ ঘ.