ব্রাসেলস, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের খসড়া অবাধ বাণিজ্য চুক্তির কিছু শর্তের সমালোচনা করেছে মানবিক ত্রাণ সহায়তা সংগঠন মেদসেঁ সাঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)।
সংগঠনটি সোমবার জানায়, চুক্তির এসব শর্তের ফলে ওষুধের মূল্য ভারতের দরিদ্র জনগোষ্ঠীর নাগালের বাইরে চলে যাবে।
ওষুধের দাম বাড়ার কারণ সম্পর্কে এমএসএফ জানিয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি ওষুধ প্রস্তুতকারকদের মেধাস্বত্ত্ব রক্ষার বিষয়টিকে আরও মজবুত করবে।
এমএসএফ ক্যাম্পেইন ফর একসেস টু এসেনসিয়াল মেডিসিনের ডিরেক্টর অব পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি মিশেল চাইল্ডস বলেন, "আমাদের উদ্বিগ্ন হওয়ার কারন হলো শুক্রবার আমরা চুক্তিটির সর্বশেষ সংস্করণ দেখেছি। এটাতে এখনও এ ধারাগুলো রয়েছেই।"
এদিকে ইইউ ট্রেড কমিশনার কারেল দো গুচট জানিয়েছেন, ইইউ এ চুক্তিটি পরিবর্তন করতে রাজি হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় ওষুধপত্র ব্যবহারের অধিকার রয়েছে বলেও জানান তিনি।
ভারত ও ইইউ এর মধ্যে বাণিজ্য বর্তমানে ৭৮ বিলিয়ন ইউরোতে (১০৫ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে। ব্রাসেলস জানিয়েছে, এ চুক্তির ফলে ভারত ৯ বিলিয়ন ডলার পণ্য রপ্তানির সুযোগ পেতে পারে।
২০০৭ সালে অবাধ বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তারপরও বাজারে প্রবেশাধিকার এবং ভারতে শিশু শ্রম ও পরিবেশ বিষয়ে ইইউর উদ্যোগের মতো বিষয়ে পার্থক্য দূর করা দরকার।
ইইউ ও ভারত আশা করছে, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে তাদের মধ্যে আলোচনা অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১২৪৬ ঘ.
bdnews24