ব্যাংকক, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে। মঙ্গলবার সরকারবিরোধী লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের সর্বত্র নিরাপত্তা বাহিনীকে বাধা দিয়েছে।
পাশাপাশি তারা হুমকি দিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যদি আইনের শাসন ফিরিয়ে আনতে না পারে তবে তারা নিজের হাতেই আইন তুলে নেবে।
থাইল্যান্ডের রাজা ভূমিবল সোমবার এক অনুষ্ঠানে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টেলিভিশনের মাধ্যমে আহ্বান জানিয়েছেন।
অসুস্থ রাজা রাজনৈতিক সংকট নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে স্বাভাবিক ইচ্ছার কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, "যদি তুমি ন্যায়বিচারের ভালো দৃষ্টান্ত স্থাপন কর, তবে তা জনগণ এবং অনুসারীদের কাছেও তাদের দায়িত্ব যথাযথ ও সততার সঙ্গে পালনের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।"
তিনি প্রায় সাত সপ্তাহ ধরে চলা ব্যাংককের অচলাবস্থা নিরসনের আশা প্রকাশ করেন।
এদিকে, রাতভর শত শত লাল শার্ট বিক্ষোভকারী শহরের প্রধান সড়ক ভিপাভাদি-রাঙ্গশিট রোডে অবস্থান নেয়।
লাল শার্টরা তাদের অবস্থানস্থলের পাশে চিডলম রেলস্টেশনে টায়ার জড়ো করে ফেলে রাখে। কেউ কেউ উঁচু স্থান থেকে হামলা করার প্রস্তুতি হিসেবে স্টেশন ভবনের ওপরে অবস্থান নেয়।
এর ফলশ্র"তিতে পরিচালনাকারী প্রতিষ্ঠান বিটিএস 'নিরাপত্তাজনিত' কারণ দেখিয়ে এ পথে রেল চলাচল বন্ধ করে দেয়। বিটিএসের জনসংযোগ কর্মকর্তা জানান, স্টেশনটি নিরাপদ করার জন্য তারা বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।
ইতোপূর্বে থাই লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের কেন্দ্রস্থলে শক্তি বৃদ্ধি করে। গত রোববার রাতে সেনাবাহিনীর অভিযান চলতে পারে-এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় বিক্ষোভকারীরা দল ভারী করে।
সরকারের পদত্যাগ ও অবিলম্বে নির্বাচনের দাবিতে লাল শার্টরা ব্যাংককে বিক্ষোভ করছে। অচলাবস্থা নিরসনে গত শুক্রবার রাতে তারা এই দাবি থেকে সরে এসে সরকারকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করার জন্য প্রস্তাব দেয়।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা লাল শার্টদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তারা রোববার জোড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডে এ সঙ্কট আরো সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
১০ এপ্রিল ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের সরাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সেদিনের সংঘর্ষে ২৬ জন নিহত ও আটশ'র বেশি মানুষ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২৩৪ঘ.
bdnews24