২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসকে নতুন কৃচ্ছতা পদক্ষেপ নিতে হবে: জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পেতে হলে গ্রিসকে নতুন করে কঠোর কৃচ্ছতা পদক্ষেপ নিতে হবে। অন্যথায় গ্রিসের এ সহায়তা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। জার্মান অর্থমন্ত্রী ওলফগ্যাং শুবেল এক পত্রিকাকে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পেতে হলে গ্রিসকে নতুন করে কঠোর কৃচ্ছতা পদক্ষেপ নিতে হবে। অন্যথায় গ্রিসের এ সহায়তা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। জার্মান অর্থমন্ত্রী ওলফগ্যাং শুবেল এক পত্রিকাকে একথা বলেছেন। বিল্ড পত্রিকার রোববারের সংখ্যায় শুবেল বলেন, "প্রকৃত ব্যাপার হচ্ছে, ইইউ কিংবা জার্মান সরকার গ্রিসকে সাহায্য দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তার মানে এ ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক দু'রকম ফলই হতে পারে।" তিনি বলেন, "গ্রিস যে কৃচ্ছতা পদক্ষেপ শুরু করেছে তা আগামী দিনগুলোতে আরও কঠোরভাবে পালন করে কিনা তার ওপর সাহায্যের বিষয়টি নির্ভর করছে।" ঋণমুক্তির জন্য লড়াইরত গ্রিস শুক্রবার চাপের কাছে নতি স্বীকার করে জরুরি তহবিল যোগাড়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ'র কাছে জরুরি ভিত্তিতে ৪৫ বিলিয়ন ইউরোর উদ্ধার তহবিল চেয়েছে। গ্রিসের অর্থমন্ত্রী জর্জ পাপাকন্সতান্তিনু আইএমএনফ'র প্রধান ডমিনিক স্ট্রস-কান এবং মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সঙ্কট কাটাতে জরুরি ভিত্তিতে সাহায্য প্যাকেজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ইউরোজোনের বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানি গ্রিসকে সাহায্য দেওয়ার ব্যাপারে বেশি উৎসাহী নয়। জার্মানির চ্যান্সেলল আঙ্গেলা মের্কেল বলছেন, এথেন্স বাজেট ঘাটতি কাটাতে আরও পদক্ষেপ নিলেই কেবল সাহায্য দেওয়ার কথা বিবেচনা করা হতে পারে। তাছাড়াও জার্মানি বরারবই বলে আসছে কেবলমাত্র ইউরো মুদ্রার স্থিতি বিপন্ন হওয়ার মতো জরুরি পরিস্থিতিতেই গ্রিসের জন্য ত্রাণ পরিকল্পনা বিবেচনা করা উচিত। আর তার সঙ্গে এথেন্সের উচিত কঠোর শাস্রয়ের পথ অবলম্বন করা। শুবেল বলেন, "সাহায্য পেতে হলে আগামী কয়েক বছরে কঠোর পুনর্গঠন পদক্ষেপ নেওয়াটা গ্রিসের জন্য পূর্বশর্ত। এ পদক্ষেপ গ্রিস এড়াতে পারবে না।" তবে তিনি পরিস্কর করে এও জানিয়ে দেন যে, ইউরোর স্থিতিশীলতা নিশ্চিত করতে গ্রিসকে সহায়তা করার জন্য জার্মানিকে প্রস্তুত থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২০ ঘ.