২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে উপায় বের করুন : আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি উপায় বের করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছেন যাতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

রামাল্লা, পশ্চিম তীর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি উপায় বের করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছেন যাতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পায়। মাহমুদ আব্বাস শনিবার পশ্চিম তীরের রামাল্লায় তার ফাতাহ দলের সদস্যদের সঙ্গে এক বৈঠককালে এ আহবান জানান। তিনি বলেন, "মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তার প্রশাসনের সদস্যরা যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা অনুভব করেন তাহলে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া ও সেই সমাধান বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। আব্বাস আরও বলেন, "একটি সমাধান বের করার জন্য আমরা তাদের প্রতি বার বার আহ্বান জানিয়েছি।" যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূত জর্জ মিশেলের সঙ্গে বৈঠকের একদিন পর প্রেসিডেন্ট আব্বাস এই বক্তব্য দিলেন। জর্জ মিশেল মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সাথে আলোচনায় বসেন। মিশেল তাদের জানিয়েছেন, অদূর ভবিষ্যতে নয়, এখনই মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির সফল বাস্তবায়ন দেখতে চায় ওবামা প্রশাসন। মিশেল শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত ছাড়াই তিনদিনের শান্তি মিশন রোববার শেষ করেন। তবে তিনি বলেছেন, আগামী সপ্তাহে তিনি আবার আসবেন। মিশেলের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভায় বলেছেন, শান্তি আলোচনা আবার কবে শুরু হবে বিষয়টি খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে। ২০০৮ সালের ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা বন্ধ আছে। এই সফর বিষয়ে মিশেল এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সম্ভাব্য শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সাথে তার ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ শান্তি আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের আহ্বানে সাড়া দিয়ে জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন বন্ধের কোন ঘোষণা দেননি। এই বিষয়টি নিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭১৩ ঘ.