লন্ডন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বমন্দা প্রভাব কাটিয়ে গত বারো মাসে বেশ ফুলে ফেঁপে উঠেছে ব্রিটেনের ধনীরা। তবে ব্রিটিশ ধনীদের তালিকার শীর্ষস্থানেই রয়ে গেছেন ভারতীয় বংশোদ্ভূত লৌহ ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল।
সানডে টাইমসের ধনাঢ্য ব্যক্তি তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
গত বারো মাস ব্রিটেনের অর্থনীতিতে অনুকূল হাওয়া বয়ে যাওয়ায় দেশটির এক হাজার ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ এ সময়ের মধ্যে ৩০ শতাংশ বেড়ে গেছে বলে জরিপের ফলাফলে জানা যায়।
অথচ এর আগের বছর বিশ্ব মন্দার কারণে ব্রিটেনের ধনী ব্যক্তিরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল। ওই সময় তাদের মোট হারানো সম্পদের পরিমাণ ছিল এক শ' ৫৫ বিলিয়ন পাউন্ড। সে সময় বিলিওনিয়ারের সংখ্যাও ৭৫ থেকে কমে ৪৩ জনে নেমে আসে।
তবে চলতি বছর এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এদের সম্মিলিত সম্পদের পরিমাণ তিন শ' ৩৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড। সম্পদের পরিমাণ বেড়েছে ৭৭ বিলিয়ন পাউন্ডেরও বেশি। যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
আরসেলর মিত্তাল-এর প্রধান নির্বাহী লক্ষ্মী মিত্তাল তালিকার শীর্ষস্থানেই রয়ে গেছেন। গত বারো মাসে ১০ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড থেকে তার সম্পদ বেড়ে ২২ দশমিক ৪৫ বিলিয়নে দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রুশ রোমান আব্রামোভিচ। তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।
ব্রিটিশ বংশোদ্ভূত ধনকুবের ডিউক অব ওয়েস্টমিনস্টার তালিকার তিন নম্বরে আছেন। তার সম্পদের পরিমাণ ৬ দশমিক ৭৫ বিলিয়ন পাউন্ড।
তবে এ তালিকায় সবচেয়ে বেশি এগিয়েছেন মাইনিং গ্র"প বেদান্ত রিসোর্সের মালিক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অনীল আগরওয়াল। তিনি আগের তালিকার ৬০ নম্বর থেকে বর্তমান তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ৬ গুণ বেড়ে ৪ দশমিক ১ বিলিয়নে দাঁড়িয়েছে।
তালিকাটি করা হয় প্রকাশ্য সম্পদের উপর ভিত্তি করে। যার মধ্যে জায়গা জমি, সম্পদ এবং অন্যান্য প্রকাশ্য খাত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫১৮ ঘ.
bdnews24