তেহরান, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান সেদেশের দক্ষিণপূর্বাঞ্চলের বিদ্রোহী জানদুল্লাহ গোষ্ঠীর সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
ওই অঞ্চলের সুন্নি মুসলিম বিদ্রোহী নেতা আবদুল মালেক রিজি গত ফেব্র"য়ারিতে গ্রেফতার হন। এরপর তার দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিপ্রায়ে সাধারণ ক্ষমা প্রার্থণা করে।
আবদুল মালেক গ্রেপ্তার হওয়ার প্রায় দুই মাস পর ইরান সরকার এ সাধারণ ক্ষমা ঘোষণা করলো।
সরকারি ইরনা সংবাদ সংস্থা জানায়, পাকিস্তানের সীমান্তবর্তী সিসতান-বেলুচিস্তান প্রদেশের গভর্ণর আলী-মোহাম্মদ আজাদ বলেছেন, আবদুল মালেক গ্রেফতার হওয়ার পর এই এলাকায় নিরাপত্তা এবং অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, ৩০০ অপরাধী ও সন্ত্রাসী সাধারণ ক্ষমা প্রার্থণা করেছে। এদের মধ্যে আবদুল মালেকের জানদুল্লাহ গোষ্ঠীর সদস্যরাও রয়েছে।
আজাদ প্রাদেশিক রাজধানী জাহেদানে বলেন, "এখন পর্যন্ত এ ধরনের ১১০ জন অপরাধী ও সন্ত্রাসীর প্রতি সাধারণ ক্ষমার চিঠি জারি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই অস্ত্র সমর্পণ করে আইনি প্রক্রিয়া সম্পাদন করছে।"
আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জানদুল্লাহর যোগসূত্র রয়েছে উল্লেখ করে ইরান অভিযোগ করেছে, সেদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্য পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানদুল্লাহকে সহায়তা করছে। তবে এ দেশগুলো ইরানের এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ইরান সরকার দেশের সংখ্যালঘু সুন্নি মুসলিমদের প্রতি বৈষম্য করছে বলে জানদুল্লাহ অভিযোগ করে আসছে।
অন্যদিকে গত কয়েক বছরে অনেক প্রাণঘাতী ঘটনার জন্য জানদুল্লাহকে দায়ী করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৮০১ঘ.
bdnews24