২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান: তড়িঘড়ি সেনা সরাবে না ন্যাটো

ন্যাটো এ বছরই আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিতে শুরু করার শর্তে রাজি। তবে বলেছে, তার মানে এই নয় যে তড়িঘড়ি সেনা সরিয়ে নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

তাল্লিন, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ন্যাটো এ বছরই আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিতে শুরু করার শর্তে রাজি। তবে বলেছে, তার মানে এই নয় যে তড়িঘড়ি সেনা সরিয়ে নেওয়া হবে। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছে। ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন বলেছেন, সময়সূচি নয় বরং পরিস্থিতির ওপর নির্ভর করে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করা হবে। আফগান বাহিনীর প্রশিক্ষণে ন্যাটোমিত্র দেশগুলোর আরো সামরিক প্রশিক্ষক পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে রাসমুসেন বলেছেন, "সেনা প্রত্যাহার কিংবা তাড়াহুড়ো করে আফগানিস্তান ছেড়ে যাওয়া কোনওটিই করা হবে না।" তিনি বলেন, "যা করা হবে তা হচ্ছে আমরা আফগানদের হাতে নিরাপত্তার নেতৃত্ব ভার তুলে দেব। আর আমাদের সেনারা তখন আরো সহায়ক ভূমিকায় চলে যাবে। কিন্তু আফগান নিরাপত্তা বাহিনীর আরো কিছুদিনের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন হবে বলেই মনে হচ্ছে।" আফগানিস্তান সরকার তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় দেশটিতে হুমকির মুখে পড়েছে ন্যাটোর কৌশল এবং এ বছর বিদেশি সেনা সংখ্যা কমানোর প্রতিশ্র"তি। আফগান বাহিনীকে আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য গত বছর সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সেনা বাড়ানোর পরিকল্পনা সমর্থন করেছে ন্যাটোর ২৮ সদস্য দেশ। ২০১১ সালের জুলাই থেকে আফগানিস্তান থেকে কিছু সেনা প্রত্যাহারের লক্ষ্যস্থির করেছেন ওবামা। কিন্তু তালেবান সন্ত্রাস নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার মুখে আফগানিস্তান থেকে ওই সময়ের মধ্যে সেনা প্রত্যাহার করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৪ ঘ.