২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে ইরানে অবরোধ : বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মে মাসে ইরানের ওপর নতুন অবরোধ আরোপ করা হবে বলে তিনি ধারণা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 08:10 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মে মাসে ইরানের ওপর নতুন অবরোধ আরোপ করা হবে বলে তিনি ধারণা করছেন। ইরানের পরমাণু পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য পদক্ষেপ ঠেকাতে তেহরান জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বৃহস্পতিবার বাইডেন এ কথা জানান। এবিসি টেলিভিশনে 'দি ভিউ' টক শোতে বাইডেন ইরানে অবরোধ আরোপের ব্যাপারে এ হুশিয়ারি দেন। ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের তোপের মুখে রয়েছে। ইরান অবশ্য জোর দিয়েই বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। বাইডেন বলেন, "ইসরায়েলি প্রধানমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন কি রাশিয়ার প্রেসিডেন্ট সবাই সম্মত যে, জাতিসংঘের অবরোধের পথেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিৎ।" তিনি আরো বলেন, "আমার বিশ্বাস এ মাসের শেষ দিকেই নিষেধাজ্ঞা আসবে যা আগামী মাসের শুরু থেকে কার্যকর হবে।" যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়াই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালাবে কি না-এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইসরায়েল অপেক্ষা করতে সম্মত হয়েছে। তারা দেখতে চায় ইরানের ওপর জাতিসংঘের অবরোধ কী ফল বয়ে আনে। ইরানের ওপর অবরোধ আরোপের খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেন পাস না হয় সে জন্য ভিয়েনা ও পরিষদের অন্য সদস্য দেশের কাছে জোর তদবির করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুচেহর মোত্তাকি। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৪০৫ঘ)