তিকুইপায়া, বলিভিয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিবেশ দূষণের হোতা বড় বড় দেশগুলোর উচিত গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং বৈষ্ণিক উষ্ণতা রোধে ছোট ছোট দেশগুলোর কাছ থেকে ধারণা নেওয়া।
বলিভিয়ার কোচাবাম্বায় অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়। এতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি গ্যাস নির্গমন ৫০ শতাংশ কমানোর আহবান জানানো হয়।
গত ডিসেম্বর মাসে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে সক্রিয় ভ'মিকা পালন করতে পারেনি বলে অভিযোগকারী দেশ ও পরিবেশবাদী সংগঠনগুলোর জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। কোপেনহেগেন সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা বৈঠক করেন।
বলিভিয়ার সম্মেলনে অংশগ্রহনকারীরা জানান, কোপেনহেগেন সম্মেলনে শিল্পোন্নত দেশগুলো গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে রাজি না হয়ে সম্মেলনের ক্ষতি করেছে। তারা ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ডিসেম্বর মাসে মেক্সিকোয় অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে অবশ্যই তারা অন্য দেশকে অন্তর্ভূক্ত করবে।
এ সম্মেলনে গ্রিন হাউস গ্যাস নির্গমন ৫০ শতাংশ কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে যা কোপেনহেগেন সম্মেলনে যে আহ্বান জানানো হয়েছিল তার চেয়ে উচ্চাভিলাষী। কোপেনহেগেন সম্মেলনে গ্রিন হাউস গ্যাস নির্গমন ৭-১৬ শতাংশ কমানোর আহ্বান জানানো হয়।
কোচাবাম্বায় অনুষ্ঠিত সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেন, "ডিসেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য সম্মেলনে উন্নত দেশগুলোকে জনগনের কথা শুনতে হবে, সবার উন্নত জীবনের জন্য সিদ্ধান্ত নিতে হবে।"
বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী সংগঠনগুলোর প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেয়। তারা কোপেনহেগেন সম্মেলনের তীব্র সমালোচনা জানায়।
কানাডার লেখক নাওমি ক্লেইন বলেন, "বিশ্বের উত্তরাঞ্চলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন একটি সংকট এবং এর প্রভাব দ্রুত দক্ষিণাঞ্চলের উপর পড়ছে। আপনারা যদি সাধারণ এ ন্যয় বিচার ও শিষ্টতার দায় স্বীকার করেন তাহলে দক্ষিণাঞ্চলের দেশগুলোকে আর সাহায্য চাইতে হবে না।"
বৈশ্বিক উষ্ণতার বিরোধী এ কর্মী বলেন, ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার দেশগুলোর মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করতে পারবে কোচাবাম্বা সম্মেলন।
এ সম্মেলনে বলা হয় যে, বৈশ্বিক উষ্ণতার দায় স্বীকার করার জন্য অবশ্যই একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা উচিত। সম্মেলনে অবশ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক গণভোট ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বৈশ্বিক উষ্ণতার সঙ্গে খাপ খাইয়ে নিতে তহবিল গঠনের আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৩২৮ ঘ.
bdnews24