ইসলামাবাদ, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সরকার বিদ্যুতের ব্যবহার অর্ধেক কমাতে বৃহস্পতিবার নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর আওতায় সরকারি কর্মকর্তাদের ছুটি একদিন বাড়ানোর পাশাপাশি সরকারি অফিসগুলোতে অর্ধেক বাতি নিভিয়ে রাখা এবং এয়ার-কন্ডিশনার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানে টানা বিদ্যুৎ ঘাটতি চলছে যা জণগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পূরণে এবং বেসরকারি খাতে বিদ্যুৎ সাশ্রয়ে লোকজনকে উদ্বুদ্ধ করতেই নতুন ওই পদক্ষেপের ঘোষণা দিয়েছেন
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও পানি ও বিদ্যুৎ মন্ত্রী রাজা পারভেজ আশরাফ।
বিদ্যুৎ ঘাটতির মূল কারণ বিগত সরকারগুলোর ব্যর্থতা। কারণ তারা বিদ্যুতের বাড়তি চাহিদা সম্পর্কে সঠিক হিসাব-নিকাশ করতে পারেনি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ প্রকল্প বাস্তবায়নে বিলম্ব করেছে।
আগের সরকারের দায়ভার থেকেই পাকিস্তান এ সমস্যার মুখোমুখি হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন গিলানি।
তিনি বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করছি যে, বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার যথাসাধ্য চেষ্টা করবে।"
গিলানি বলেন, "আমি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছি। তারা যদি রাস্তায় অবস্থান নেয় এবং দোকানপাট ও ভবনের ক্ষয়-ক্ষতি করে তাহলে এতে দেশেরই ক্ষতি হবে।"
বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি ছুটি একদিনের পরিবর্তে দুইদিন করা, সরকারি অফিসগুলোর বাতি ৫০ শতাংশ নিভিয়ে রাখা, এয়ারকন্ডিশনার বন্ধ রাখা সহ রাত ৮ টায় বিপনী বিতানগুলো বন্ধ রাখা হবে। আলোকিত বিলবোর্ড, নিয়ন বাতি এবং অন্যান্য সৌন্দর্যবর্ধক বাণিজ্যিক বাতিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলা ১১ টার পর শুধু সরকারের শীর্ষ কর্মকর্তারা অফিসে এয়ারকন্ডিশনার ব্যবহার করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ ঘ.
bdnews24