ওয়াশিংটন, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যেসব শিশু পরিণত হওয়ার অনেক আগে অর্থাৎ, ২৫ সপ্তাহ কিংবা তারও আগে জন্মগ্রহণ করে, তারা হাঁপানিসহ আজীবন ফুসফুসের সমস্যায় ভুগতে পারে। ব্রিটিশ গবেষকরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছেন।
অত্যন্ত অপরিণত এসব শিশুর মধ্যে ১১ বছর বয়সীদের ওপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছন, ৩৯ কিংবা ৪০ সপ্তাহ মায়ের গর্ভে থাকার পর জন্ম নেওয়া পরিণত শিশুদের তুলনায় অপরিণত এ শিশুদের ফুসফুসের কার্যক্রম অস্বাভাবিক। তাছাড়া এদের হাঁপানিতে ভোগার সম্ভাবনাও দ্বিগুণ।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক জ্যানেট স্টোক বলেন, "এসব শিশুর অনেকেই হয়তো ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না।"
১৯৯৫ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ব্রিটেন ও আয়ারল্যান্ডে যেসব শিশু ২৫ সপ্তাহ বা তার আগে জন্মগ্রহণ করেছে তাদের সবার ওপর গবেষণা করে নতুন এ উপাত্ত দিয়েছেন জ্যানেট ও তার সহকর্মীরা।
২, ৬ ও ১১ বছর বয়সী ওই অপরিণত শিশুদের ফুসফুসের কার্যকারিতা ও শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করা হয়। পরে একই বয়স, লিঙ্গ ও একই জাতি গোষ্ঠীর পরিণত শিশুদের সঙ্গে তাদের তুলনা করা হয়।
এতে দেখা গেছে, ফুসফুস পরীক্ষায় ৫৬ শতাংশেরও বেশি শিশুর ফুসফুসের কার্যক্রমে অস্বাভাবিকতা ধরা পড়েছে। তাছাড়া, এসব শিশুর প্রতি চারজনের মধ্যে একজনের হাঁপানি ধরা পড়ে।
আমেরিকান 'রেসপাইরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন' জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা একথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯০৫ ঘ.
bdnews24