নয়া দিল্লি, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার রাজধানী নয়া দিল্লিতে লাখো মানুষ পদযাত্রা করেছে। লোকসভা বয়কট করে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিরোধীদল বিজেপি।
প্রতিবাদকারীরা খাদ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষমতাসীন কংগ্রেস জোটকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানায়।
ভারতে কয়েক বছরের মধ্যে এটি বিশাল পদযাত্রা। মূল্যস্ফীতি জনগণকে সরকারের বিরুদ্ধে কতটা ক্ষেপিয়ে তুলেছে তা এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। সেইসঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্যও সুযোগ তৈরি হয়েছে এক বছর আগের সাধারণ নির্বাচনের পরাজয় থেকে বেরিয়ে এসে নতুন করে ঘর গোছানোর।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের সঙ্গে বিজেপি'র সাংসদরা পদযাত্রায় শামিল হন। জাফরানি রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিজেপি প্রতিবাদে নামে।
চাল, ডাল ও চিনির দাম বেড়ে যাওয়ায় চলতি বছর ও আগামী বছর যে আটটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে ক্ষমতাসীন কংগ্রেসের ভরাডুবিই দেখতে পাচ্ছে বিজেপি।
মিছিলে অংশ নেওয়া কৃষক মোহন সিং বলেন, "আমি সব সময় কংগ্রেসকেই ভোট দেই। তবে তারা যেভাবে দ্রব্যমূল্যবৃদ্ধির বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছে, তাতে আমি খুবই হতাশ। তারা আমাদের একেবারে কোণঠাসা করে ফেলেছে। আমি জানি না কীভাবে আমি আমার পরিবারকে রক্ষা করব।"
মূলত কংগ্রেসের ভোট বাক্স হিসাবে পরিচিত ভারতের অগণিত দরিদ্র ও গ্রামাঞ্চলের কৃষক সমাজ। দ্রব্যমূল্যবৃদ্ধির কারণে তারাই দুর্ভোগের শিকার হচ্ছে সবার আগে। তাই কংগ্রেসের প্রতি এসব দরিদ্র মানুষের আনুগত্য টুটে গেলে দলটির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়তে পারে।
কিন্তু সরকার এ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর ওপর বেশি নজর দেওয়ায় পেছনেই রয়ে গেছে মূল্যস্ফীতি ইস্যু।
বিরোধীদল পার্লামেন্টে বিশেষ ভোটের দাবি করেছে। যাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারকে বাধ্য করা যায় ক্ষমতা থেকে সরে দাঁড়াতে।
বিরোধী দলের এ দাবি এখনও পার্লামেন্ট আমলে নেয়নি। তবে সরকারের বাজেট অনুমোদনের জন্য ২৯ এপ্রিলের আগে একটি ভোট অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/ ১৭৪৭ ঘ.
bdnews24