বেইজিং, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে ভুমিকম্পে মৃতের সংখ্যা দুহাজার ছাড়িয়ে গেছে। চীন সরকার নিহতদের স্মরণে বুধবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে।
সরকারি সিনহুয়া বার্তা সংস্থা জানায়, কিংঘাই প্রদেশের ইউসু এলাকায় ১৯৫ জন নিখোঁজ রয়েছে। তিব্বতের এই এলাকাটি ভুমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হয়েছে ২০৩৯। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেন্দ্রিয় সরকারের ওয়েবসাইটে বলা হয়, নিহতদের স্মরণে বুধবার জাতীয় শোক দিবস পালন করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি বিনোদনমুলক অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউসু এলাকার জেগু শহরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ভুমিকম্পে এ শহরটি ধুলায় মিশে গেছে। সোমবার এখানে ধ্বংসস্তুপের নীচ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, জীবিত উদ্ধার হওয়া এই তিনজনের একজন তিব্বতি বৃদ্ধা ও একজন তার নাতনি। অপর একজন তরুণীকে প্রায় ১৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১১৬ঘ.
bdnews24