প্যারিস, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ছাইমেঘের কারণে ৫ দিনব্যাপী বিমান চলাচল সঙ্কট নিরসনে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপের ওপর চাপ বাড়ছে।
আন্তর্জাতিক 'এয়ারলাইন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন' (আইএটিএ) সোমবার সঙ্কট নিরসনে ইউরোপের ধীর পদক্ষেপের সমালোচনা করে জরুরি ভিত্তিতে আকাশপথ আবারও চালু করার দাবি জানিয়েছে।
আইএটিএ প্রধান গিওভান্নি বিসিগনানি বলেছেন, ইউরোপ কর্তৃপক্ষ নিরাপদে বিমান চলাচলের সুযোগ হাতছাড়া করেছে।
তিনি আরো বলেন, আগ্নেয়গিরি বিমান খাতকে অচল করে দিয়েছে। প্রথমে এর প্রভাব ছিল ইউরোপে, এখন এর প্রভাব সারা বিশ্বেই পড়ছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশপথ তিন দিনের জন্য বন্ধ ছিল। সে সময় যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল বর্তমান দুর্যোগে ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি।
প্যারিসে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের এই অচলাবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং ধাপে ধাপে আকাশপথ খুলে দেওয়ার সহজ উপায় খুঁজে বের করতে হবে।"
ইউরোপের বিমান সংস্থাগুলো ছাইমেঘের মধ্যেই রোববার পরীক্ষামূলক বিমান উড্ডয়ন চালিয়ে কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে ফিরে এলেও স্বাভাবিক বিমান চলাচলের অনুমতি এখনও দেওয়া হচ্ছে না।
কিন্তু পরীক্ষামূলক উড্ডয়ন সফল হওয়ায় আকাশপথ জরুরি ভিত্তিতে খুলে দিতে ইউরোপের দেশগুলোর ওপর চাপ বাড়ছে।
ইউরোপীয় বিমান নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের সভা শেষে গ্রিনীচ মান সময় ১৩ টায় ইউরোপীয় পরিবহণ মন্ত্রী ছাইমেঘ সঙ্কট নিয়ে আলোচনা করবেন। এ আলোচনা থেকে সঙ্কট সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশা করছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, রবিবার পাঁচটিরও বেশি ফ্লাইট উড্ডয়ন করেছে। সোমবার এর পরিমাণ আরো অর্ধেক বাড়বে।
অস্ট্রেলিয়া সোমবার তাদের বিমানবন্দরগুরো আবার চালু করে। ফ্রান্স ও সুইডেনের কিছু কিছু বিমানবন্দরও চালু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু অন্যান্য দেশ বিমান চলাচল শুরুর কোন পদক্ষেপ নেয়নি। সোমবার খোলার ঘোষণা দিলেও ইতালির উত্তরাঞ্চলীয় আকাশপথ আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিসিগনানি অবিলম্বে আকাশপথ খুলে দেওয়াসহ জাতিসংঘের বিমানচালনা কর্তৃপক্ষ সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনকে সভা আহ্বানের দাবি জানান।
তিনি বলেন, "তাত্ত্বিক কাঠামো দিয়ে নয়, আমাদের সিদ্ধান্ত নিতে হবে প্রকৃত পরিস্থিতি অনুযায়ী। কর্তৃপক্ষ নিরাপদে উড্ডয়নের সুযোগ হাতছাড়া করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24