ব্যাংকক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সেনাবাহিনী সোমবার রাজধানী ব্যাংককের প্রধান বাণিজ্যিক অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের শাস্তি দেওয়ার ঘোষণার পর সেনাবাহিনী এই পদক্ষেপ গ্রহণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ব্যাংককের সিলোম রোডে শত শত সেনা অবস্থান নেয়। এখানেই ব্যাংকক ব্যাংকের সদরদপ্তর।
রোববার থাই সেনাবাহিনী জানায়, রাজধানী ও তার আশপাশের এলাকার জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভকারীরা ব্যাংককের ব্যাংকপ্রধান অঞ্চলে বিক্ষোভ ও শিবির স্থাপনের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে।
গত ১০ এপ্রিল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ২৪ জনের প্রাণহানির পর থাই সেনাবাহিনী এ হুমকি দেওয়ায় পরিপ্রেক্ষিতে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা শনিবার সেনা প্রধান জেনারেল অনুপং পাওচিন্দাকে আরো ক্ষমতা দিয়ে জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
লাল শার্টধারীদের বিক্ষোভের কারণে দেশটিতে গত সপ্তায় পুঁজিবাজারে ৬.৮ শতাংশ দর পতন হয়েছে। এরই মাধ্যে নববর্ষ উপলক্ষ্যে থাইল্যান্ডে তিনদিনের ছুটি ছিল। সোমবারেও পুঁজিবাজারে দরপতন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গ্লোবলেক্স সিকিউরিটিজ'র বিশ্লেষক চকরিত চারোয়েনমেটাচাই জানান, সামগ্রিক জনমত দুর্বল হয়ে এসেছে। বিশেষ করে রাজনৈতিক ঝুঁকির কারণে বাজারের ওপর চাপ তৈরি হবে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসির সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা গত শনিবার ব্যাংককের প্রধান বাণিজ্যিক অঞ্চল দখল নেবে বলে ঘোষণা দেয়। বিক্ষোভকারীরা বর্তমানে যেখানে অবস্থান করছে তা থেকে মাত্র দুই ব্লক দূরে। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর জরুরি অবস্থা জারি রয়েছে।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে লাল শার্ট সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৪ঘ.
bdnews24