২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে পরীক্ষামূলক উড্ডয়ন, বিমান চলাচলে আশার আলো

আগ্নেয়গিরির ছাইয়ে সৃষ্ট মেঘে ইউরোপে কয়েকদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকার মধ্যে আশা জাগিয়েছে নেদারল্যান্ড ও জার্মানির পরীক্ষামূলক উড্ডয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

লন্ডন, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগ্নেয়গিরির ছাইয়ে সৃষ্ট মেঘে ইউরোপে কয়েকদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকার মধ্যে আশা জাগিয়েছে নেদারল্যান্ড ও জার্মানির পরীক্ষামূলক উড্ডয়ন। ছাইমেঘের মধ্যে ডাচ এয়ারলাইন কেএলএম ও জার্মানির লুফৎহান্সা শনিবার ইউরোপের আকাশে পরীক্ষামূলক বিমান উড্ডয়ন চালিয়ে কোনও ক্ষয়-ক্ষতির শিকার হয়নি । কেএলএম জানিয়েছে, সারারাত একটি যাত্রীবাহী বিমান দিয়ে পরীক্ষামূলক উড্ডয়নের পর দেখা যায়, আগ্নেয়গিরির উদগীরণে সৃষ্ট ছাইয়ে উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য অংশের কোন ক্ষতি হয়নি। ইউরোপের সর্ববৃহৎ এয়ারলাইন জার্মানির লুফৎহান্সাও সমস্যাবিহীন পরীক্ষামূলক উড্ডয়নের কথা জানান। ওদিকে, ইতালি ও ফ্রান্সের বিমান কর্তৃপক্ষও পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে রোববার যাত্রীবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছে। এ বিপর্যয়ের কারণে এয়ারলাইনসহ অন্যান্য ব্যাবসা-বাণিজ্য সমস্যার মুখে পড়ায় প্রতিদিন ২০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে এবং সারা বিশ্বে হাজার হাজার যাত্রী আটকে রয়েছে। কেএলএম যাত্রীবিহীন একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১০ কিলোমিটার উচ্চতায় রেখেছে এবং সর্বোচ্চ ১৩ কিলোমিটার উচ্চতায় রেখে পরীক্ষা করে দেখেছে। জার্মানির লুফৎহান্সা বিমান পরিবহন সংস্থা শনিবার তাদের ১০ টি বিমান মিউনিখ থেকে ফ্র্যাঙ্কফুটে পাঠায়। এ বিমানগুলো ৩ হাজার মিটার উচ্চতায় থেকেছে। পরে তারা ৮ হাজার মিটার উচ্চতা পর্যন্ত পরীক্ষা করে দেখেছে। এ পরীক্ষায় বিমানের ককপিটের জানালার কাঁচের বা অন্য কোনও অংশের কোনও ক্ষতি হয়নি এবং ইঞ্জিনও অক্ষত আছে বলে জানিয়েছেন কেএলএম এবং লুফৎহান্সা দু এয়ারলাইনেরই মুখপাত্র। এতে করে বায়ুমন্ডল নিরাপদে উড্ডয়নের উপযোগী থাকারই আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। ইউরোপীয় ইউনিয়নের অনুরোধেই এ পরীক্ষামূলক উড্ডয়নগুলো সম্পাদন করা হয়েছে বলে জানিয়েছেন ডাচ সরকারের এক মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৭ ঘ.