ইসলামাবাদ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় বেসামরিক লোকের প্রাণহানির ঘটনায় দেশটির সেনাপ্রধান শনিবার একটি জাতিগোষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ।
মূলত পশতুন আদিবাসীদের মন জয় করার জন্যেই সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এ ক্ষমা প্রার্থনা করেছেন। উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়েদা সমর্থিত জঙ্গিদের দমন করার জন্য পশতুন জাতিগোষ্ঠীর সহায়তা পাকিস্তান সরকারের প্রয়োজন।
সরকারের সমর্থক কোকিখেল জাতিগোষ্ঠীর কাছে নিরাপরাধ ও মূল্যবান বেসামরিক প্রাণহানির ঘটনায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে এরকম দূর্ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকারের কর্মকর্তা ও এলাকাবাসী জানিয়েছেন, গত ১০ এপ্রিল প্রত্যন্ত সারাভিলা গ্রামে তালেবান জঙ্গি আস্তানা সন্দেহে বিমান হামলায় ৬৩ জন বেসামরিক লোক প্রাণ হারায়।
সেনাবাহিনী এ ঘটনার দায়িত্ব প্রথমে অস্বীকার করেছিল। পরে সেনা কর্মকর্তরা জানান, প্রথম দফা বিমান হামলায় ৩০ জন জঙ্গি নিহত হয়। পরে লোক জমায়েত দেখে তাদেরকে তালেবান জঙ্গি মনে করে সেখানে আরেক দফা বিমান হামলা চালানো হয়। এতে ২০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৩৫ ঘ.
bdnews24