ইসলামাবাদ, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উদ্বাস্তু শিবিরে শনিবার দুটি বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে।
একজন কর্মকর্তা এ কথা জানান।
স্থানীয় কমিশনার খালিদ খান ওমারজাই বলেছেন, "কোহাট শহরের কাছে হামলাকারী বোরকা পরে নারীর বেশ ধরে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। এর পরপরই এক কিশোর আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বোমা হামলা চালায়।"
কর্মকর্তারা জানান, উদ্বাস্তু শিবিরে খাবার পেতে নিবন্ধনের জন্য প্রায় ৩০০ লোক লাইনে দাঁড়িয়ে থাকার সময় হামলা দুটি হয়।
পাকিস্তানি তালেবানদের সঙ্গে জড়িত একটি জঙ্গি গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সামরিক বাহিনী জানায়, ওরাকজাই ও খাইবার এবং কুরাম এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযানে শত শত জঙ্গি নিহত হয়েছে। নিরপেক্ষ কোন সূত্র থেকে নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/কেএমএস/১৬০১ ঘ.
bdnews24