বিশকেক, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধী দলের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া কিরগিজস্তানের প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, কিরগিজস্তানের নতুন নেতৃত্বের কাছে ফ্যাক্সযোগে বাকিয়েভ পদত্যাগপত্র পাঠিয়েছেন।
কয়েকদিনের বিক্ষোভ সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর বাকিয়েভ বৃহস্পতিবার প্রতিবেশী রাষ্ট্র কাজাখস্তানে পালিয়ে যান।
রোজা ওতুনবায়েভের নেতৃত্বাধীন বিরোধী দলের গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাকিয়েভ ফ্যাক্সযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগত্রে বাকিয়েভ বলেছেন, যা ঘটেছে তার সকল দায়িত্ব আমি স্বীকার করছি এবং কিরগিজ জনগণের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমার পদত্যাগপত্র পেশ করছি।
অন্তর্বর্তীকালীন সরকার বাকিয়েভের স্বাক্ষরিত পদত্যাগপত্রটি ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছেড়ে দিয়েছে। ছবিতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ওতুনবায়েভ বাকিয়েভের পদত্যাগপত্রটি পরীক্ষা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪০৩ ঘ.
bdnews24