চীন, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বতের বাসিন্দারা স্বজনদের হারিয়ে শোকাহত। জেগু শহরের অধিবাসীরা তাদের নিহত স্বজনের জন্য কাঁদছে।
ভূমিকম্পে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০। তবে বেসরকারি সূত্র এ সংখ্যা প্রায় ১০০০ বলে জানিয়েছে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার তিব্বতের ইয়াসু কাউন্টি এবং প্রত্যন্ত এলাকা জেগু পরিদর্শণ করেন। তিনি তিব্বতীদের উদ্দেশ্যে বক্তৃতায় সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তি দেন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকা তিব্বতে বুধবার সকালে ভূমিকম্প হয়। এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৯। এতে তিব্বতের কিঙ্গাই প্রদেশের ইয়াসু অঞ্চলের জেগু এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
চিকিৎসকরা অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেঁচে যাওয়া মানুষেরা প্রবল শীতের মধ্যে তাঁবুর ভেতর কোনো রকমে রাত্রিযাপন করছে।
জেগুর প্রধান বৌদ্ধ মন্দির থেকে ভিক্ষুরা মৃতদেহগুলো যেখানে রাখা হয়েছে সেখানে আসেন। ভিক্ষুদের কেউ কেউ স্থানীয় অভিবাসীদের মৃত স্বজনদের খুঁজতে সাহায্য করেন। শত শত মৃতদেহ একটি জায়গায় ঢেকে রাখা হয়েছে।
বৌদ্ধ ভিক্ষু লপু বলেন, "এখানে অনেক মৃতদেহ রয়েছে যাদের পরিবারের কেউ বেঁচে নেই কিংবা তাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে আসেনি।"
তিনি আরো বলেন, "আমরা হাজারখানেক বা তারও বেশি মৃতদেহ পেয়েছি। কিছু মৃতদেহ আমরা নিজেরা নিয়ে এসেছি আর কিছু আমাদের কাছে পাঠানো হয়েছে।"
স্থানীয়দের কেউ কেউ জানান, সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হয়েছে ৭৬০। কিন্তু তারা এটা বিশ্বাস করছেন না। মৃতের সংখ্যা আরও বেশি হবে।
ভিক্ষু লপু জানান, অনেক মৃতদেহ পরিবারের সদস্যরা সরিয়ে ফেলেছে।
মৃতের প্রকৃত সংখ্যা এখনো পরিস্কার নয়। এক লাখ মানুষ অধ্যুষিত জেগুতে বিপর্যয়ের যে চিহ্ন দেখা যাচ্ছে তাতে মৃতের প্রকৃত সংখ্যা এক হাজার হতে পারে বলে বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২৪৫ঘ.
bdnews24