২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত

পাকিস্তানের সঙ্গে গুরুতর কোনও আলোচনার সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সঙ্গে গুরুতর কোনও আলোচনার সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাকিস্তান ২০০৮ সালে মুম্বাই হামলকারীদের বিচারের আওতায় আনার 'বিশ্বাসযোগ্য পদক্ষেপ' না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন তিনি। সিং জানান, ওয়াশিংটনে দুইদিনব্যাপী চলা পরমাণু নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে তার দুইবার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। কিন্তু এ সময় গুরুতর বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা হয়নি। রয়টার্সকে মনমোহন সিং বলেন, "আমি মনে করি পাকিস্তানের সংবিধান সংশোধন বিলটি প্রধানমন্ত্রীকে পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় আরো ক্ষমতাবান করে তুলেছে। একথাটুকু ছাড়া দুজনের মধ্যে আর কোনও কথা হয়নি।" মুম্বাই হামলার জন্য নয়াদিল্লি বরাবরই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে দায়ী করে আসছে। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। সিং বলেন, আমরা আশা করব পাকিস্তান যেন এই জঘন্য হামলায় জড়িতদের বিচার করে কার্যকরভাবে শাস্তিবিধান করে। তিনি আরো বলেন, "এটি হচ্ছে পাকিস্তানের প্রতি আমাদের নুন্যতম চাওয়া। পকিস্তান এ কাজটি করলে আমরা আনন্দের সঙ্গে সব বিষয় নিয়ে আবার আলোচনায় বসব।" অন্যদিকে, গিলানি সোমবার ভারতের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ইসলামাবাদ লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করাসহ এর ব্যাংক একাউন্ট জব্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ ঘ.