জাতিসংঘ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি নিয়ে মঙ্গলবার জাতিসংঘে অভিযোগ করেছে ইরান। ওয়াশিংটন ইরানে পরমাণু অস্ত্রের হামলা চালানোর হুমকি জিইয়ে রেখেছে বলেই মনে করছে তারা।
জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ওয়াশিংটন পরমাণু হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করছে বলে ইরান অভিযোগ করেছে।
ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজায়ি জাতিসংঘ মহাসচিব বান কি মুন, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রেসিডেন্টদের কাছে পাঠানো একটি চিঠিতে ওই অভিযোগ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ব্যবহার সীমিতকরণের নতুন নীতিমালা থেকে ইরান ও উত্তর কোরিয়াকে বাইরে রাখা হয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে দেশ দুটির সঙ্গে পশ্চিমাদের বিরোধ চলছে।
ইরানের পক্ষ থেকে পাঠানো চিঠিটিতে বলা হয়েছে, জাতিসংঘ যেন কঠোরভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি প্রতিহত করে এবং প্রত্যাখ্যান করে।
খাজায়ি বলেন, ওবামা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন, তা পরমাণু অস্ত্রহীন রাষ্ট্রের প্রতি পরমাণু ব্ল্যাকমেইলের সামিল এবং যুক্তরাষ্ট্র এ ধরনের হুমকি ও শক্তি প্রয়োগ করে জাতিসংঘ সনদ ভঙ্গ করছে।
তিনি বলেন, "এ ধরনের মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও বিভিন্ন ইস্যুতে তাদের সামরিক দৃষ্টিভঙ্গির প্রমাণ দিলেন। যদিও পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি আদৌ সমস্যার কোনও সমাধান বয়ে আনে না।"
তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সত্যিকারের হুমকি হয়ে দেখা দিয়েছে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিশ্বাসযোগ্যতাও এতে ক্ষুন্ন হয়েছে।
ইরান পরমাণু কর্মসূচি বন্ধে অস্বীকৃতি জানানোয় ওবামা তেহরানে চতুর্থ বারের মতো জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব নেতাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছেন।
পশ্চিমাদের সন্দেহ, ইরান তার বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানাচ্ছে। অবশ্য ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
মঙ্গলবার ওয়াশিংটনে ৪৭ জাতি পরমাণু নিরাপত্তা সম্মেলনেও ওবামা ইরানে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নেতাদের চাপ দেন। তবে সন্ত্রাসীদের হাতে যাতে কোনওভাবেই পরমাণু অস্ত্র পৌঁছতে না পারে, সে ব্যাপারে বিশ্ব নেতারা একযোগে কাজ করার ওয়াদা দিয়েছে তাকে।
কাজায়ি জানান, গণবিধ্বংসী অস্ত্রের শিকার হিসাবে ইরান কখনই চায় না বিশ্বের আর কোনও দেশ এ ধরনের মারণাস্ত্রের শিকার হোক।
১৯৮০-৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় ইরানে বিষাক্ত গ্যাস অস্ত্র ব্যবহার করেছিল ইরাক।
খাজায়ি বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা জাপানে পরমাণু অস্ত্র প্রয়োগ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি যুক্তরাষ্ট্রের এটম বোমা হামলার শিকার হয়।
তিনি বলেন, এখনও তারা পরমাণু শক্তিধর দেশ হিসাবে পরমাণু অস্ত্রহীন দেশগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২৬ ঘ.
bdnews24