ওয়ারশ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়া কাজিনস্কিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে পোল্যান্ডের জনগণ।
রাজধানী ওয়ারশ এর প্রেসিডেন্ট প্রাসাদে রাখা হয়েছে দুজনের কফিন। বুধবার বৃষ্টির মধ্যেও কয়েকঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জনতা।
গত শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে স্মোলেন্সক এ বিমান দুর্ঘটনায় কাজিনস্কি ও তার স্ত্রীসহ ৯৬ জন নিহত হওয়ার পর মঙ্গলবার তাদের কফিন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
শোকার্ত এক পোলিশ নাগরিকের উক্তি, তারা একে অপরকে এত ভালবাসত যে, বেঁচে থাকতেও তারা একসঙ্গে ছিল, আর মৃত্যুতেও তারা একসঙ্গে এখানে শায়িত।
মঙ্গলবার ফার্স্ট লেডি মারিয়ার মৃতদেহ রাশিয়ার স্মোলেন্সক থেকে পোল্যান্ডে নেওয়া হয়। জনগণ তার আগে থেকেই প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মোমবাতি জ্বালিয়ে শোক ও শ্রদ্ধা নিবেদন করে আসছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জনগণের পাশাপাশি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক ও তার সরকারের সদস্যদেরও প্রয়াত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির স্মরণে ১ ঘন্টা শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24