জালালাবাদ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিস্তানের অন্তর্বর্তী সরকার প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে মঙ্গলবার দিনশেষে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে।
সেইসঙ্গে বাকিয়েভ অন্তর্বর্তী সরকারকে অগ্রাহ্য করতে থাকলে তাকে বিশেষ অভিযান চালিয়ে আটক করার হুমকিও দিয়েছে।
অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা মন্ত্রী আজিমবেক বেকনাজারভ বলেন, "আমরা তার প্রেসিডেন্টশিয়াল নিরাপত্তা প্রত্যাহার করেছি। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা অপরাধ মামলা করেছি। তিনি সমাবেশের পর মঙ্গলবারের মধ্যে আত্মসমর্পণ না করলে আমরা তার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাব।"
গত ৭ এপ্রিল বিরোধীদলের বিক্ষোভে সেনারা গুলি চালালে রাজধানী বিসকেকে ভয়াবহ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী বিসকেক থেকে তার গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলীয় জালালাবাদে পালিয়ে যান। এর ফলে বিরোধীরা ক্ষমতাসীন হওয়ার সুযোগ পায়।
তবে স্বেচ্ছা ঘোষিত অন্তবর্তী সরকারকে বাকিয়েভ হুঁশিয়ার করে দিয়ে বলেন, তারা তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করলে দেশে নতুন করে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটবে।
আফগানিস্তানে অভিযান পরিচালনার সুবিধার্থে মধ্য এশিয়ার এ দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি আছে।
জালালাবাদে প্রায় ৭ হাজার সমর্থকের সামনে বাকিয়েভ রয়টার্সকে বলেন, "অচিন্তনীয় ঘটনা ঘটে যাবে।" এ সময় অন্তর্বর্তী সরকারের পতনে স্লোগান দিচ্ছিল তার সমর্থকরা।
দক্ষিণাঞ্চলে ব্যাপক সমর্থনপুষ্ট বাকিয়েভ আরও বলেন, "তাদের কোনও অধিকার নেই এ রকম কিছু করার। তাদের সিদ্ধান্ত বৈধ নয়।"
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ কিংবা দেশত্যাগের দাবি উড়িয়ে দিলেও বাকিয়েভ জানান, আরও অস্থিতিশীলতা রোধে তিনি আলোচনায় বসতে রাজি।
তবে রাজধানী বিসকেকে অন্তর্বর্তী সরকার বলেছে, বাকিয়েভকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে।
পাঁচ বছর আগে এক গণঅভ্যুত্থানের মাধ্যমেই সোভিয়েত উত্তর প্রথম শাসক আসকার আকায়েভকে হটিয়ে ক্ষমতায় আসেন বাকিয়েভ।
দক্ষিণাঞ্চলে বাকিয়েভের শক্তিশালী জনসমর্থন রয়েছে। হাজার হাজার সমর্থক বাকিয়েভ বাকিয়েভ বলে স্লোগান দিচ্ছে।
এমনকি সেন্ট্রাল সড়কে এখনও রুশ প্রেসিডেন্টের সঙ্গে করমর্দনরত বাকিয়েভের বিশাল বিল বোর্ড শোভা পাচ্ছে এবং শহর প্রদক্ষিণের সময় বাকিয়েভের মোটর শোভাযাত্রা পুলিশের সালাম পাচ্ছে।
খুব কড়া নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ নেই বাকিয়েভ। খেলোয়াড়ি জার্সি পরা মাত্র কয়েকজন নিরাপত্তা রক্ষী একে-৪৭ বন্দুক হাতে বাকিয়েভকে পাহারা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩২ ঘ.
bdnews24