ব্যাংকক, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার ক্ষমতাসীন দল বিলোপ করার পরামর্শ দিয়েছে। এর ফলে অভিজিতের সরকার আরো চাপের মুখে পড়ল।
থাই সেনাপ্রধান আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানানোর একদিন পর মঙ্গলবার নির্বাচন কমিশন অভিজিতের দল বিলোপের এই পরামর্শ দেয়।
গত শনিবার ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থানকারী লাল শার্ট বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয় সেনাবাহিনী। এরপরই সেনাপ্রধান জেনারেল অনুপং পায়োচিন্দা সরকারের প্রতি আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
সেনাবাহিনীর সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে।
লাল শার্ট বিক্ষোভকারীদের বেশিরভাগই শ্রমিক। তারা সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। নির্বাচনের দাবিতে তারা প্রায় এক মাস ধরে ব্যাংককে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দি ব্যাংকক পোস্ট জানিয়েছে, থাই প্রধানমন্ত্রী ২০১১ সালের শেষদিকে নির্বাচন দিতে চাচ্ছেন। কিন্তু লাল শার্ট বিক্ষোভকারীদের দাবির মুখে অভিজিত সরকারের শরিক দলগুলো ছয়মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে লাল শার্ট বিক্ষোভকারীরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে জেনারেল অনুপং পায়োচিন্দা বলেন, "চলমান ইস্যুটি হচ্ছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার। সুতরাং আমার মতে, এখন পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রয়োজন। কিন্তু তা করতে কত সময় লাগবে সেটি নির্ভর করছে আলোচনার ফলাফলের ওপর।"
তালিকাভুক্ত একটি কোম্পানির কাছ থেকে পাঁচ বছর আগে ক্ষমতাসীন ডেমোক্রেটস পার্টি অবৈধভাবে ২৫৮ মিলিয়ন বাথ অনুদান নিয়েছে- রাষ্ট্রীয় তদন্তকারীদের এ তথ্যের সঙ্গে নির্বাচন কমিশন একমত হয়েছে।
অভিজিতের দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এ ব্যাপারে রায় হতে এক মাস সময় লেগে যেতে পারে।
বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা পূর্ববর্তী থাকসিন সরকারের মতো অভিজিতের ডেমোক্রেট পার্টির জন্যও একই ফল বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
২০০৮ সালে একই প্রক্রিয়ায় উৎখাত হয়েছিল থাকসিন সরকার। সাংবিধানিক আদালতের রায় হতে সময় লেগেছিল প্রায় ২ মাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১১৫ঘ.
bdnews24