২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে ঐতিহাসিক ভোটগ্রহণ শুরু

অর্থনৈতিক-রাজনৈতিক সমস্যা জর্জরিত সুদানে প্রথম বারের মতো বহুদলীয় নির্বাচন তিনদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 05:39 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

খার্তুম/জুবা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক-রাজনৈতিক সমস্যা জর্জরিত সুদানে প্রথম বারের মতো বহুদলীয় নির্বাচন তিনদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপতি, দক্ষিণ সুদানের নেতা, জাতীয় ও স্থানীয় সংসদ এবং ২৫ প্রদেশের গভর্নর নির্বাচনের লক্ষ্যে সুদানের জনগণ ভোট দিচ্ছেন। প্রায় সিকি শতাব্দী পর অনুষ্ঠিত এই নির্বাচন আফ্রিকার বৃহত্তম দেশটির নড়বড়ে জাতীয় ঐক্যের প্রশ্নে একটি পরীক্ষা বলে মনে করছে বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে ফলাফল দেশটির দুই প্রভাবশালী ব্যক্তির পক্ষেই যাবে। যার একজন বর্তমান প্রেসিডেন্ট ওমার হাসান আল বশির। তার বিরুদ্ধে দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধ সংঘটনের পরিকল্পনার অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যজন হলেন সিলভা কির, যিনি দেশটির দক্ষিণাঞ্চলে স্বায়ত্বশাসন চালাচ্ছেন। দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি। কির নিজেই দক্ষিণাঞ্চলীয় রাজধানী জুবায় ভোট দিতে গিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। এ সময় তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ভোট দিতে গিয়ে প্রথম ব্যালটটি ভুল বাক্সে ফেলে নষ্টও করেছেন। পরে অবশ্য আবার ব্যালট জমা দেন তিনি। খার্তুমে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেন। কিন্তু ব্যালট নেওয়া এবং ভোটার তালিকায় নাম খোঁজা নিয়ে ভোট গ্রহণ বিলম্ব হয়। এদিকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমি বিশ্লেষকরা। ভোটাভুটি শুরুর আগ মুহূর্তে সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলে প্রধান প্রধান বিরোধীদলগুলো তাদের প্রার্থীদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয়। নির্বাচন কর্মকর্তারা এ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিরোধী দলগুলো রোববার ভোটগ্রহণের সময় প্রায় শতাধিক আইনভঙ্গের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। তারা বলছে, ব্যালটে সমস্যার কারণে হোয়াইট নেইল প্রদেশে দুপুরের পরও ভোটগ্রহণ শুরু করা যায়নি। কির'র সুদান পিপলস লিবারেশান মুভমেন্ট (এসপিএলএম) দক্ষিণ সুদানে সাত দিনে ভোট গ্রহণের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ অসংখ্য ভোটকেন্দ্র দীর্ঘ সময় পর ভোটগ্রহণ শুরু করেছে। অনেক ভোটার, এমনকি শীর্ষ কর্মকর্তারাও ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পায়নি। কির'র প্রচার পরিচালক স্যামসন কাওয়াজি বলেন, "দক্ষিণাঞ্চলজুড়েই প্রথম দিনের নির্বাচনের চিত্র ছিল সত্যিই হতাশাজনক। এ ব্যাপারে আমরা অভিযোগ জানাচ্ছি।" অনেক সুদানি নাগরিক প্রথমবারের মতো একটি জটিল প্রক্রিয়ায় ভোট দিচ্ছেন। উত্তরাঞ্চলীয় ভোটাররা আটটি ব্যালট পেপার আর দক্ষিণ সুদানের ভোটাদের ১২টি ব্যালটপেপারে ভোট দিতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জিএনএ/১১৩৪ ঘ.