কাবুল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্ত্রিপরিষদের ১১ টি শূন্য পদ পূরণে আফগানিস্তানের পার্লামেন্ট প্রেসিডেন্ট হামিদ কারজাইকে দশ দিন সময় দিয়েছে।
গত জানুয়ারি মাসে কারজাইয়ের মনোনীত প্রার্থীদের বেশির ভাগকেই দু' দু' বার ভোটে প্রত্যাখ্যান করে পার্লামেন্ট। তখন থেকেই মন্ত্রিপরিষদের প্রায় অর্ধেক ভারপ্রাপ্তদের দিয়ে চালাচ্ছেন কারজাই।
নির্বাচনী আইন-কানুন নিয়ে কারজাইয়ের সঙ্গে পার্লামেন্টের বিরোধ রয়েছে। এ নিয়ম কানুন নিয়ে পশ্চিমাদের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন কারজাই।
শনিবার পার্লামেন্টের নিুকক্ষ একটি আইন পাস করে। আইনে মন্ত্রীপরিষদের শূন্যপদে প্রার্থীদের নাম জানাতে কারজাইকে দশদিন সময় দেওয়া হয়, ২০ দিন সময় দেওয়া হয় সংবিধানের ব্যাখ্যাকারী কমিশনের নিয়োগে এবং এক মাস সময় দেওয়া হয় রাষ্ট্রীয় নীতির রূপরেখা তৈরি করতে।
রোববার পার্লামেন্ট সচিব মোহাম্মদ সালেহ সালোগী একথা জানান।
তিনি বলেন, "বিদেশি এবং প্রতিবেশীদের সঙ্গে আমাদের অবস্থান এবং আমরা কোথায় যাচ্ছি তা বুঝতে এ খসড়া নীতি আমাদের সাহায্য করবে। জনপ্রতিনিধিদের অনুমোদন ছাড়া একজন ব্যক্তির পক্ষে এ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।"
কারজাইয়ের এক মুখপাত্র জানান, পার্লামেন্টের সিদ্ধান্তকে সরকার শ্রদ্ধা করে এবং তাদের দাবি মানার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪৭ ঘ.
bdnews24