সিডনি, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানো হবে বলে রোববার হুশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ।
টিভি চ্যানেল নাইনকে দেওয়া এক সাক্ষাতকারে স্মিথ বলেন, "এ সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হলো মানব পাচারকারীদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া।"
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী কেভিন রাডের সরকার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলে নৌকায় করে আসা এ দুটি দেশের অধিবাসীদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার সুযোগ বাতিল করার ঘোষণা দেন।
স্মিথ বলেন, "শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রমবর্ধমান নাজুক পরিস্থিতি এবং যেভাবে তারা শরণার্থীর সংজ্ঞাকে বর্ণনা করে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, "শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কিছু বেপরোয়া লোক থাকতে পারে যারা তাদের যাত্রা অব্যাহত রাখতে চায়। তাদের উদ্দেশ্যে বার্তা হলো, এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ও আপনারা ভিসা পাননি। পাচারকারীরা যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা বলেছিলো সেগুলো আপনারা পাবেন না।"
অবশ্য শরণার্থী বিষয়ক আইনজীবীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৬৩৫ঘ.
bdnews24