কান্দাহার , এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমন একটা সময় ছিল যখন আফগানিস্তানে পুলিশ বাহিনীতে লোক ভর্তি করেই তাকে একটি পোশাক পরিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হতো।
সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ন্যাটো বাহিনী। তারা আফগান পুলিশ বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তবে সেখানে দেখা দিচ্ছে নানা সমস্যা।
আফগান পুলিশের লেফটেন্যান্ট কর্নেল নাইম বলছিলেন তার লোকদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা। কিন্তু দশদিন পর মার্কিন সামরিক কর্মকর্তা যখন নতুন প্রশিক্ষণের সব কিছু নিয়ে হাজির হলেন, তখন নাইম নিজেই বেঁকে বসলেন।
টেবিলে কাগজপত্রে সই করতে করতে আর কানে মোবাইল ফোন লাগিয়ে কান্দাহার প্রদেশের এ পুলিশ প্রধান বলেন, "আমি যদি আমার সব লোককে আপনার প্রশিক্ষণে পাঠাই, তবে এখানে কে থাকবে, কাজ করবে কে?"
দুর্নীতিবাজ ও অকার্যকর খ্যাত আফগান পুলিশকে একটি পেশাদার ও সুসংগঠিত বাহিনী হিসাবে গড়ে তুলতে চায় ন্যাটো বাহিনী। কিন্তু তারা আমলাতান্ত্রিক জটিলতা, প্রশিক্ষকদের হঠাৎ অনুপস্থিতি ও পুলিশ সদস্যদের ঝরে পড়ার মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রশিক্ষণ দিতে হিমসিম খাচ্ছে তারা।
আফগানিস্তানের যে কোনও অঞ্চলের চেয়ে তালেবানের উৎসস্থল হিসেবে খ্যাত কান্দাহারে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এটা জরুরি হয়ে পড়েছে। কারণ, ন্যাটো চাইছে আগামী গ্রীষ্মে তালেবানের শিকড় উপড়ে ফেলতে। এ জন্য তারা অভিযানের সময় আফগান পুলিশকে সঙ্গে রাখতে চায়।
কান্দাহারে এক মার্কিন কর্মকর্তা বলেন, "পুলিশের মধ্যে পেশাদারিত্ব সৃষ্টি করাটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চাইলেও এটা রাতারাতি হয়ে যাবে না। তবে এটা করা জরুরি। কারণ, আপনি সেনাবাহিনী দিয়ে শহর চালাতে পারবেন না।"
ন্যাটোর তত্ত্বাবধানে ওই অভিযান পরিকল্পনায় ছয় হাজারেরও বেশি আফগান পুলিশকে মার্কিন বাহিনীর পাশাপাশি কান্দাহার শহরে নামানো হবে।
অভিযানে আফগান পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে মার্কিন কর্মকর্তা জানান।
মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন, ওই অঞ্চলের অধিবাসীরা পুলিশের ওপর খুব কম আস্থা রাখে এবং পুলিশের প্রতি স্থানীয় অধিবাসীদের ধারণা বলা যায় নেতিবাচক।
কান্দাহারের আরেক মার্কিন কর্মকর্তা বলেন, "পুলিশ যেখানে নিরাপত্তা দেবে, সেখানে তাদেরকেই নিরাপত্তা লঙ্ঘনকারী হিসেবে দেখা হচ্ছে।"
কান্দাহার শহরের প্রাণকেন্দ্রে একটি ব্যস্ত বাজারে ফুটপাতের দোকানদার হাজি মোহাম্মদ বলেন, "পুলিশ এখানে এসে অহেতুক মানুষজনকে পেটাবে।"
মোহাম্মদের কথার মধ্যেই ফুটে ওঠে কান্দাহারবাসীর পুলিশ ভীতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১১ঘ.
bdnews24