ব্যাংকক, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার সেনাদের সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে রয়টার্সের একজন সাংবাদিকসহ ১৮ জন নিহত হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে। বিক্ষোভকারীরাও সেনা ও পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড, গুলি ও পেট্রল বোমা নিক্ষেপ করে।
সরকারি ভবন ও জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ের কাছে ব্যাংককের রাস্তায় ও ফান ফা ব্রিজের কাছে সংঘর্ষে অন্তত ৬৪ সেনা ও পুলিশ সদস্যসহ ৮০০ জন আহত হয়েছে।
ব্যাংককের ডেপুটি গভর্ণর সুকাভ্রেজোরাকিত জানান, নিহতদের মধ্যে চার জন সেনা, একজন রয়টার্সের সাংবাদিক। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানি।
এর আগে লাল শার্টরা ব্যাংককে সেনানিবাস ঘেরাওয়ের জন্য অগ্রসর হলে সেনারা জল কামান ব্যবহার করে ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এ ঘটনার পর সেনাদের সঙ্গে লাল শার্টদের সংঘর্ষ বেঁধে যায়। ফান ফা ব্রিজ ও রাজদুমনয়েন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
নির্বাচনের দাবিতে মাসব্যাপী চলমান আন্দোলনে ব্যাংককে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
লাল শার্টদের প্রধান আন্দোলনস্থল রাচাপ্রাজংয়ের শপিং মার্কেট এলাকায় সেনা সমাবেশ ঘটানো হয়েছে। এখানে শিশু ও নারীসহ আট হাজার লাল শার্ট অবস্থান নিয়েছে। নারী ও শিশুরা ট্যাক্সি দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে।
সময়ের সঙ্গে সঙ্গে এখানে আন্দোলনকারীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে।
সেনাবাহিনীর মুখপাত্র স্যানসার্ন কায়েকামনার্দ বলেন, "এ অবস্থা চলতে থাকলে এবং সেনাবাহিনী লাল শার্টদের প্রতিহত করতে থাকলে সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২২৩২ ঘ.
bdnews24