তেহরান, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইলম শহরে শনিবার কারাগার ভেঙ্গে বন্দিদের মুক্ত করতে রকেটচালিত গ্রেনেড হামলা চালিয়েছে একদল হামলাকারী। তারা দুই বন্দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ হামলায় ৩ কারারক্ষীসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
ইরানের আধা সরকারি মেহর সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আজিজ আবাদি মেহরকে জানান, এ ঘটনায় ৩ বন্দি পালাতে সক্ষম হয়। কিন্তু তাদের একজনকে আবার ধরা হয়েছে।
ইরনা সংবাদ সংস্থা প্রাদেশিক গভর্নর নুরুল্লাহ আরজোমান্দির উদ্ধৃতি দিয়ে বলেছে, "দুস্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে গাড়িতে করে পালিয়ে গেছে। পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে।"
আরজোমান্দি ইরনাকে বলেন, "বন্দীদের কক্ষের দেয়াল লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে দেয়াল ভেঙ্গে যায়। এ ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।"
মেডিকেল কর্মকর্তা কৌরোস সাকি জানিয়েছেন, আহত ১৬ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার কারণ হিসেবে বন্দিদের পালাতে সহায়তার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২০১২ঘ.
bdnews24