২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে সেনা-লাল শার্ট সংঘর্ষ, আহত ১৭১

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার সেনাদের সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

ব্যাংকক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার সেনাদের সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে। বিক্ষোভকারীরাও সেনা ও পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ১৭১ জন আহত হয়েছে। এর মধ্যে ৬৪ জন সেনা ও পুলিশ। এর আগে লাল শার্টরা ব্যাংককে সেনানিবাস ঘেরাওয়ের জন্য অগ্রসর হলে সেনারা জল কামান ব্যবহার করে ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ ঘটনার পর সেনাদের সঙ্গে লাল শার্টদের সংঘর্ষ বেঁধে যায়। ফান ফা ব্রিজ ও রাজদুমনয়েন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ঘটে। নির্বাচনের দাবিতে মাসব্যাপী চলমান আন্দোলনে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। লাল শার্টদের প্রধান আন্দোলনস্থল রাচাপ্রাজংয়ের শপিং মার্কেট এলাকায় সেনা সমাবেশ ঘটানো হয়েছে। এখানে শিশু ও নারীসহ আট হাজার লাল শার্ট অবস্থান নিয়েছে। নারী ও শিশুরা ট্যাক্সি দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে আন্দোলনকারীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র স্যানসার্ন কায়েকামনার্দ বলেন, "আমরা ফান ফাহ এলাকা থেকে তাদের সরে যেতে বলেছি। বিক্ষোভ স্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে আমরা অবস্থান নিয়েছি। ওখানে হাজার চারেক বিক্ষোভকারী বিক্ষোভ করছে।" এক লাল শার্ট নেতা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, "সেনারা জনগণকে আঘাত করছে। লাল শার্ট ভাই ও বোনেরা, দয়া করে বাইরে বেরিয়ে আসুন। ওই স্থানে অবস্থান নিতে আমাদের সাহায্য করুন। নইলে সেনারা আমাদের হত্যা করবে।" তিনি আরও বলেন, "ভয় পাবেন না। আমরা এখনও অহিংস আন্দোলনের নীতিতেই আছি।" সমাবেশ থেকে অভিজিৎ নিপাত যাক রব ওঠে। আন্দোলন দমন করতে সরকার বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করলেও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। পিবিএস টিভি চ্যানেল জানায়, বিক্ষোভকারীরা ফান ফা ব্রিজের কাছে সেনা ঘাঁটিতে যেতে পারেনি। লাল শার্ট নেতা নাত্তাউত সাইকুয়া বিপণী বিতানগুলোর সামনে তৈরি মঞ্চ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, লড়াই চলবে এবং আগামী সপ্তাহে থাই নববর্ষের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আগাম নির্বাচনের দাবিতে প্রায় একমাস ধরে লাল শার্টরা ব্যাংককে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাল শার্টরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। ২০০৬ সালের এক সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এএমএইচ/কেএমএস/১৯০৯ঘ.