তেহরান, ৯ এপ্রিল (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান শুক্রবার আরও দ্রুতগতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম নতুন ধরনের সেন্ট্রিফিউজ চালুর ঘোষণা দিয়েছে।
এর মধ্য দিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার হুমকির মুখেও পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ায় অটল থাকার ইঙ্গিত দিল ইরান।
ইরানের বার্ষিক জাতীয় পরমাণু দিবস পালন উপলক্ষে এক ভাষণে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, ইরান এখন তৃতীয় প্রজন্মের সেন্ট্রিফিউজ চালু করবে। প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজের তুলনায় এ প্রজন্মের সেন্ট্রিফিউজে ১০ গুণ বেশি দ্রুততায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে।
ইরান বর্তমানে যেসব সেন্ট্রিফিউজ ব্যবহার করছে সেগুলো তৈরি করা হয়েছে ১৯৭০ এর দশকের মডেল অনুযায়ী। ওগুলো এখন পুরোনো হয়ে গেছে। ফলে ইরান গত কয়েক বছর ধরে বেশ কতকগুলো নতুন মডেলের সেন্ট্রিফিউজ পরীক্ষা করে আসছে।
তবে ইরান নতুন সেন্ট্রিফিউজগুলোতে কখন পুরোদস্তুর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র তেহরানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘকে চাপ দিয়ে আসছে।
নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের আচরণ পরিবর্তন করা যাবে না----মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একথা স্বীকার করলেও বলেছেন, আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে অন্তত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের হিসাব-নিকাশ পাল্টে দেওয়া যাবে।
ওবামা আগামী সপ্তাহে নিরাপত্তা সম্মেলন আয়োজন করেছেন। ইরানের ওপর চাপ সৃষ্টি করতে সবার সমর্থন আদায় করা এ সম্মেলনের লক্ষ্য।
পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ ঘ.
bdnews24