ওয়েস্ট ভার্জিনিয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ক্ষতিকর গ্যাসের চাপে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার খনি শ্রমিকদের উদ্ধার চেষ্টা শুক্রবার সকালে তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সোমবার মন্টকোলের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৫ শ্রমিক নিহত হয়।
গত ২৫ বছরের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় খনি বিস্ফোরণ।
শুক্রবার সকালে কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, সোমবারের বিস্ফোরণে নিখোঁজ ৪ শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা খনিটির আন্ডার গ্রাউন্ডের দুটি চেম্বারের একটিতে প্রবেশ করে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।
ধারণা করা হয়েছিল এ চেম্বারগুলোতে নিখোঁজ শ্রমিকদের পাওয়া যেতে পারে। কিন্তু তা না পাওয়ায় তাদেরকে জীবিত উদ্ধারের আশা শেষ হয়ে আসছে।
মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণে ক্ষতিকর গ্যাসের চাপে উদ্ধার কর্মীরা এর আগে দুবার কাজ বন্ধ করতে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৪ ঘ.
bdnews24